আঙুলে অস্ত্রোপচার করিয়ে দুবাই থেকে দেশে ফিরেছেন জাতীয় দলের টেস্ট অধিনায়ক মুমিনুল হক। জানুয়ারিতে সম্ভাব্য ওয়েস্ট ইন্ডিজ সিরিজের আগেই সুস্থ হয়ে ওঠার আশায় তিনি।
গত ২৮ নভেম্বর বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে জেমকন খুলনার বিপক্ষে ম্যাচে গাজী গ্রুপ চট্টগ্রামের হয়ে ফিল্ডিং করার সময় ডান হাতের বৃদ্ধাঙ্গুলে আঘাত পান মুমিনুল।
ওয়েস্ট ইন্ডিজের সম্ভাব্য বাংলাদেশ সফরকে ভাবনায় রেখে দ্রুত অস্ত্রোপচার করানোর সিদ্ধান্ত হয় মুমিনুলের। বৃহস্পতিবার দুবাইয়ে হয়ে যায় অস্ত্রোপচার। রবিবার মুমিনুল দেশে ফিরলেন।
অস্ত্রোপচার নিয়ে মুমিনুল বলেছেন, ‘এখন খুব ভালো আছি, কারণ অপারেশন খুব ভালো হয়েছে। খুব স্পর্শকাতর ছিল ইনজুরিটা। যে জায়গায় লেগেছে, ব্যাটিংয়ের জন্য ওটার ব্যবহার খুব গুরুত্বপূর্ণ। একটু টেনশন ছিল। তবে খুব ভালোভাবেই শেষ হয়েছে সব।’
ক্যারিবীয়দের বিপক্ষে খেলার ব্যাপারে বলেন, ‘যদিও মাত্র তিন দিন হলো, তার পরও মনে হচ্ছে রিকভারি দ্রুত হচ্ছে। কিছুদিন সাবধান থাকতে হবে। ড্রেসিং করাতে হবে, কিছু নিয়ম মেনে চলতে হবে। ওয়েস্ট ইন্ডিজ সিরিজে খেলা নিয়ে আশা করি কোনো সমস্যা হবে না।’
সূত্র: বিডিনিউজ টোয়েন্টিফোর
