সৃজিত-মিথিলার বাড়িতে জমজমাট গানের আসর

আপডেট : ১৪ ডিসেম্বর ২০২০, ০১:১০ পিএম

ঢাকা-কলকাতার অতি চর্চিত দম্পতি সৃজিত-মিথিলার বিয়ের এক বছর পূর্ণ হয়েছে সম্প্রতি। তেমনই সময়ে খোলা ছাদে হয়ে গেল বৈঠকি আড্ডা। বন্ধুদের সঙ্গে গানে মেতেছিলেন এই জুটি।

২০১৯ সালের ৬ ডিসেম্বর আইনি মতে বিয়ে সেরেছিলেন সৃজিত-মিথিলা। সেই উপলক্ষেই চলতি সপ্তাহের শুরুতে তাদের বাড়ির সাজানো ছাদবাগানে বসেছিল মজলিশ।

আসরে হাজির ছিলেন টলিগঞ্জের নব বিবাহিত জোড়া অনির্বাণ-মধুরিমা, অভিনেতা যিশু সেনগুপ্ত, গীতিকার-কবি শ্রীজাত, চর্চিত জুটি রাহুল-সন্দীপ্তাসহ অনেকে।

মিথিলা প্রকাশ্যে আনলেন সেই মায়াবী সন্ধ্যার একটি ভিডিয়ো ক্লিপিংস। যেখানে গিটার হাতে পাওয়া গেল যিশু সেনগুপ্তকে এবং সুরেলা কণ্ঠে ঝড় তুললেন শ্রীজাত। কবির গলায় এদিন ধ্বনিত হলো হরিহরণের গাওয়া বিখ্যাত গান- ‘কাশ’।

গানে-গল্পে-আড্ডায় জমে উঠেছিল এদিনের আসর। অন্যদের সঙ্গে কলকাতার দুই প্রধান ওটিটি প্ল্যাটফর্ম হইচই ও আড্ডাটাইমসের কর্ণধারেরও এদিন এক ফ্রেমে পাওয়া গেল। এই ছবি শেয়ার করে সৃজিত টুইটারে ক্যাপশন লিখেছেন- ‘আড্ডাটাইমসে হইচই’।

এই শীতে ডবল ধামাকা নিয়ে হাজির হওয়ার কথা সৃজিতের। রূপালি পর্দায় ‘কাকাবাবুর প্রত্যাবর্তন’ এবং ওটিটি প্ল্যাটফর্ম আড্ডাটাইমসে ‘ফেলুদা ফেরত’। এখনো ফেলুদা ফেরত মুক্তির তারিখ ঘোষিত হয়নি, তবে করোনার জেরে দর্শক হলমুখী না হওয়ায় ‘কাকাবাবুর প্রত্যাবর্তন’ অনিশ্চিত।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত