ধর্মভিত্তিক সংগঠন হেফাজতে ইসলাম ভাস্কর্য ইস্যুতে যে বিতর্ক তুলেছে সে বিষয়ে চুপ দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি। এ নিয়ে জনমনে প্রশ্নও রয়েছে। সোমবার এ প্রশ্নের উত্তর দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
হেফাজতে ইসলামের নেতাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য স্থাপনের বিরোধিতার বিষয়ে বিএনপির নীরবতা নিয়ে সাংবাদিকদের প্রশ্রে জবাবে মির্জা ফখরুল বলেন, এই মুহূর্তে আমাদের কাছে প্রধান চ্যালেঞ্জ দুটো। একটি হচ্ছে- মানুষের জীবন রক্ষা করা করোনার হাত থেকে, ভ্যাকসিন সরবারহ করা এবং যারা করোনায় আক্রান্ত হয়েছেন তাদের চিকিৎসা করা, তাদের জীবন দান করা।
তিনি বলেন, দ্বিতীয়টি হচ্ছে, গণতন্ত্রকে মুক্ত করা, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে আসা। এগুলোই আমাদের চ্যালেঞ্জ।
সোমবার দুপুরে গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল এসব বলেন।
