সাড়া পাচ্ছে ‘বিশ্বসুন্দরী’

আপডেট : ১৫ ডিসেম্বর ২০২০, ১২:৪০ এএম

করোনা পরিস্থিতিতে দেশে এই প্রথম বড় বাজেটের তারকাবহুল নতুন সিনেমা মুক্তি পেয়েছে। তাই ‘বিশ্বসুন্দরী’র দর্শক কেমন হবে এ নিয়ে সবাই বেশ চিন্তিত ছিলেন। কিন্তু গত শুক্রবার মুক্তির পর থেকে এখনো হলগুলোতে দর্শকের ভিড় চোখে পড়ছে। শুধু তা-ই নয়, দর্শক সোশ্যাল মিডিয়ায় ছবিটির প্রশংসা করছেন। টিভি নাটকের অভিজ্ঞ নির্মাতা চয়নিকা চৌধুরীর পরিচালনায় এটি প্রথম সিনেমা। আর এ সিনেমাতেই প্রথমবার একসঙ্গে কাজ করেছেন তরুণ প্রজন্মের অন্যতম দুই আলোচিত তারকা সিয়াম আহমেদ ও পরীমনি। সিনেমা নিয়ে তাদের অনেক অভিজ্ঞতার কথা সবাই শুনেছেন। কিন্তু যিনি এই সিনেমার গল্প জন্ম দিয়েছেন তার কথা খুব বেশি মানুষ এখনো শোনেননি। রুম্মান রশীদ খান সিনেমাটির গল্প লিখেছেন। তিনি বললেন, ‘যারা না দেখেছেন, তারা জেনেছেন বিশ^সুন্দরীতে দুটি গল্প সমান্তরালভাবে দেখা গেছে। একটি মানবপ্রেম, অন্যটি দেশপ্রেম। মানবপ্রেমের গল্পটি নাটকের জন্য বেশ আগে লিখেছিলাম। কিন্তু সব গল্প তো নাটকের জন্য নয়। তাই ভাবলাম এই গল্পটা নিয়ে সিনেমা হতে পারে। চয়নিকা চৌধুরী অনেক দিন ধরেই বলছিলেন, তার প্রথম সিনেমার গল্প যেন আমি লিখি। ৬ মাসের বেশি সময় পর তাকে বিশ্বসুন্দরীর গল্প শোনাই সোনারগাঁও হোটেলে। তিনি প্রথমবার শুনেই অঝোরে কাঁদতে থাকেন। তার ছেলে সঙ্গে ছিল। তিনিই বললেন, এমন গল্পই তারা খুঁজছেন।’

সিনেমার সাফল্যে কেমন লাগছে জানতে চাইলে তিনি বলেন, ‘সত্যি বলতে, কয়েকটা কারণে সবার মতো আমারও ছবিটি নিয়ে প্রত্যাশা অনেক কমে গিয়েছিল। এই করোনার মধ্যে কে ছবি দেখতে আসবে এটা ভাবছিলাম। তারপর ট্রেইলার এলে তা দেখে, সবার মনোভাব দেখে আরও প্রত্যাশা কমে গিয়েছিল। কিন্তু সেটিই আমাদের ছবির জন্য প্লাস পয়েন্ট হয়েছে। দর্শক হলে গিয়ে যা দেখছে তার ছিটেফোঁটাও নেই ট্রেইলারে। তারা মুগ্ধ। দুজন মুক্তিযোদ্ধা এসেছিলেন ছবিটি দেখতে, তারা আবেগ ধরে রাখতে না পেরে কেঁদে ফেলেছেন। স্বনামধন্য অভিনেত্রী চম্পা ফোন করে বললেন, তার ফোনে অনবরত শুভেচ্ছাবার্তা আসছে। এই সময়ে এর বেশি আর কী চাওয়ার থাকে?’

গল্পকারের যে প্রত্যাশা থাকে তা কতটা পূরণ হয়েছে জানতে চাইলে রুম্মান রশীদ খান বলেন, ‘ছবির প্রায় প্রতিটি কাস্টিংয়ে আমার পছন্দকে গুরুত্ব দেওয়া হয়েছে। প্রত্যেক শিল্পী দারুণ কাজ করেছেন। সেন্সর বোর্ড থেকে ফোনে একজন বললেন, এই ছবির জন্য সিয়াম, পরী ও চম্পা আপা জাতীয় পুরস্কার পাওয়ার যোগ্য। এ ছাড়া পরিচালক আমার গল্পটিই ফুটিয়ে তুলেছেন। স্ক্রিন প্লে আর সংলাপে তার নিজস্ব ইনপুট ছিল। সব মিলিয়ে আমি বেশ খুশি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত