টোকিও অলিম্পিকও স্বচ্ছ হবে না : ফেল্পস

আপডেট : ১৫ ডিসেম্বর ২০২০, ০১:১৮ এএম

আগামী বছরের টোকিও অলিম্পিকে স্বচ্ছ প্রতিদ্বন্দ্বিতা নিয়ে সন্দিহান কিংবদন্তি সাঁতারু মাইকেল ফেল্পস। ৫টা অলিম্পিক্সে নেমেছেন তিনি। আর সেই অভিজ্ঞতা থেকেই চ্যাম্পিয়ন সাঁতারু মনে করছেন, অলিম্পিকে অস্বচ্ছতা চিরকালই থেকেছে। এর ব্যতিক্রম হবে না এবারও।

তিনি বলেন, ‘সততার সঙ্গেই বলছি স্বচ্ছ ময়দানে প্রতিনিধিত্ব আমি করতে পারিনি।’ এই আমেরিকান সাঁতারু নিশ্চিত বর্তমান অলিম্পিয়ানরা পারফরম্যান্স বাড়ানোর ড্রাগ নেন। তাই এই অ্যাথলিটরাই যখন অলিম্পিকে নামবেন, সেই মেগা ইভেন্ট কীভাবে আর স্বচ্ছ থাকে! ২৩টা সোনাজয়ী অলিম্পিয়ান বলছেন, ‘দশের মধ্যে চার বা পাঁচের বেশি নম্বর দেওয়া যাবে না অলিম্পিককে।’

এবারের অলিম্পিকেও কোনো কিছুই বদলাবে না বলেই শঙ্কা তার, ‘কোনো কিছুরই পরিবর্তন হবে বলে মনে হয় না। এর পেছনে অনেক কারণ রয়েছে। তবে হতাশার ব্যাপার হলো, সবাই কিন্তু একই ময়দানে খেলতে নামছে না।’ ভুল কিছু বলেননি ফেল্পস। কয়েকজনকে ডোপ পরীক্ষায় বসতে হচ্ছে। কেউ ধরা পড়ছেন। আবার অনেকেই ফাঁকি দিচ্ছেন। এটাই ভালো ভাবে নিতে পারছেন না ফেল্পস।

পরিসংখ্যান অনুযায়ী, ২০১২ সালের অলিম্পিক থেকে এখনো পর্যন্ত ১৩০ জন প্রতিযোগী ডোপ করার অভিযোগে নিষিদ্ধ হয়েছেন বা ইভেন্টে অংশ নিতে পারেননি। চিরকালই ডোপিংয়ের বিরুদ্ধে বলে এসেছেন ফেল্পস। তিনি বলছেন, ‘গ্যারান্টি দিয়ে আমি বলতে পারি, আমাকে যতবার ডোপ পরীক্ষায় বসতে হয়েছে, অন্য কোনো অ্যাথলিটকে ততবার ডোপ পরীক্ষা দিতে হয়নি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত