রাঙ্গামাটির দুল্লাছড়ি এলাকায় সেনাবাহিনী ও একটি সশস্ত্র সন্ত্রাসী গ্রুপের মধ্যে গুলি বিনিময়কালে একজন নিহত হয়েছে। তার নাম বিল্টন চাকমা। বিল্টন চাকমা জেএসএস (সন্তু) গ্রুপের সশস্ত্র সদস্য বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
আইএসপিআর জানায়, রবিবার জেএসএস (সন্তু) দলের সন্ত্রাসীদের কাপ্তাই লেকে জেলেদের কাছ থেকে চাঁদাবাজির তথ্যের ভিত্তিতে জীবতলী সেনা ক্যাম্পের একটি বিশেষ টহলদল সেখানে যায়। টহল পরিচালনাকালে একটি নৌকা থেকে কতিপয় সশস্ত্র সন্ত্রাসীকে জেলেদের কাছ থেকে চাঁদা আদায়ের বিষয়টি টহলদলের নজরে আসে। টহলদল সন্ত্রাসীদের নৌকাটিকে আটকের চেষ্টা করলে সন্ত্রাসীরা টহলদলের ওপর গুলিবর্ষণ করে পালানোর চেষ্টা করে। পরিস্থিতি বিবেচনায় টহলদল আত্মরক্ষার্থে পাল্টা গুলিবর্ষণ করে। নিরাপত্তা বাহিনীর প্রতিরোধে টিকতে না পেরে সন্ত্রাসীরা লেকের পানিতে ঝাঁপ দিয়ে পালিয়ে যায়। পরে টহলদল সন্ত্রাসীদের ব্যবহƒত নৌকাটি তল্লাশি করলে সেখানে একজনের মৃতদেহ গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। পরে জানা যায় তার নাম বিল্টন চাকমা। এ ছাড়া নৌকাটি থেকে ৩ রাউন্ড গুলিভর্তি একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়েছে।
স্থানীয়দের বরাত দিয়ে আইএসপিআর আরও জানায়, বিল্টন চাকমা জেএসএস (সন্তু) দলের একজন সক্রিয় সশস্ত্র ক্যাডার এবং রাঙ্গামাটি জেলার বরাদম, জীবতলী ও মগবান এলাকার প্রধান চাঁদাবাজ হিসেবে পরিচিত। তার নামে থানায় খুনের মামলাসহ একাধিক মামলা রয়েছে। বর্তমানে পলায়নকৃত সদস্যদের আটক করার জন্য ওই এলাকায় নিরাপত্তা বাহিনী কর্তৃক টহল কার্যক্রম জোরদার করা হয়েছে।
