বিএনপির উচিত পদ্মা সেতুর বিরুদ্ধে ষড়যন্ত্রের জন্য ক্ষমা চেয়ে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানানো বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। গতকাল মঙ্গলবার দুপুরে সচিবালয়ে ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যঁ মারিন শুহ’র সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
বিএনপি মহাসচিবের মন্তব্য ‘মনে হয় পদ্মা সেতু তাদের পৈতৃক সম্পত্তি’-এর প্রতি দৃষ্টি আকর্ষণ করলে তথ্যমন্ত্রী বলেন, ‘পদ্মা সেতু অবশ্যই একটি রাষ্ট্রীয় সম্পত্তি। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা তার দূরদর্শী নেতৃত্ব ও সময়োচিত পদক্ষেপ গ্রহণ করে নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণের সিদ্ধান্ত নিয়ে এই সম্পত্তি রাষ্ট্রের সঙ্গে যুক্ত করেছেন। আজকে পদ্মা সেতু দৃশ্যমান, পদ্মা সেতুর মাধ্যমে আজকে পদ্মার দুই কূল-দুই পাড় সংযুক্ত হয়েছে অর্থাৎ পদ্মা সেতুর কাজ প্রায় সম্পন্ন হয়েছে। কিন্তু এই পদ্মা সেতু যাতে না হয়, সেজন্য বহু ষড়যন্ত্র হয়েছে এবং সেই ষড়যন্ত্রের সঙ্গে বিএনপিও যুক্ত ছিল।’
ফ্রান্সের রাষ্ট্রদূতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘আমরা দু’দেশের ঐতিহাসিক সম্পর্ক, একইসঙ্গে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে আমাদের সম্পর্ক নিয়ে এবং বাংলাদেশে ফরাসি বিনিয়োগ নিয়ে আলোচনা করেছি।’ এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যম এবং আইপিটিভিসহ নানা ইন্টারনেটভিত্তিক প্রচারমাধ্যমের কারণে ইউরোপেও যে নানাভাবে অনেক সময় গুজব, বিশৃঙ্খলা ও সামাজিক অস্থিরতা তৈরি হয়, যেগুলো আমাদের দেশেও ঘটে, তার প্রতিকারে ইউরোপীয় ইউনিয়নে কী ধরনের আইন-নীতিমালা আছে বা প্রণয়ন চলছে, সেগুলো নিয়েও আমরা আলোচনা করেছি বলে জানান তিনি।
বৈঠকে তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান, তথ্যসচিব খাজা মিয়া, ফরাসি দূতাবাসের ইকোনমিক কাউন্সিলর পিয়েরে-হেনরি লেফোঁ উপস্থিত ছিলেন।
