মানব উন্নয়ন সূচকে দুই ধাপ এগোল বাংলাদেশ

আপডেট : ১৬ ডিসেম্বর ২০২০, ০১:৩০ এএম

জাতিসংঘের মানব উন্নয়ন সূচকে আরও দুই ধাপ এগিয়েছে বাংলাদেশ। ১৮৯টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান এখন ১৩৩তম। আগের বছর অবস্থান ছিল ১৩৫তম। গত বছরের তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে মানব উন্নয়ন সূচক (এইচডিআই) প্রতিবেদন-২০২০ গতকাল বুধবার প্রকাশ করেছে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)।

প্রতিবছর বিভিন্ন দেশের স্বাস্থ্য, শিক্ষা,আয় ও সম্পদের উৎস, বৈষম্য, লৈঙ্গিক সমতা, দারিদ্র্য, কর্মসংস্থান, নিরাপত্তা, বাণিজ্য ও আর্থিক প্রবাহ, যোগাযোগ, পরিবেশের ভারসাম্য ও জনমিতির তথ্য বিশ্লেষণ করে মানব উন্নয়ন সূচক তৈরি করে ইউএনডিপি। এসব মানদন্ডে এবার মানব উন্নয়ন সূচকে বাংলাদেশের স্কোর দাঁড়িয়েছে শূন্য দশমিক ৬৩২; যা গত বছর ছিল শূন্য দশমিক ৬১৪। যে দেশ পূর্ণ সংখ্যা ১-এর যত কাছাকাছি সে দেশ মানব উন্নয়ন সূচকে তত উন্নত ধরা হয়।

১৯৯০ সাল থেকে এ প্রতিবেদন প্রকাশ করে আসছে ইউএনডিপি। প্রতিবেদন বিশ্লেষণ করে দেখা যায়, বাংলাদেশ মানব উন্নয়ন সূচকে ধারাবাহিক উন্নতি করে যাচ্ছে। গত কয়েক বছর ধরে দুই থেকে তিন ধাপ করে এগোচ্ছে বাংলাদেশ। ২০১৬ সালের প্রতিবেদনে ১৩৯তম অবস্থানে ছিল বাংলাদেশ। গত বছর এক ধাপ এবং তার আগের বছর তিন ধাপ এগিয়েছে বাংলাদেশ।

এবারের মানব উন্নয়ন সূচকে আগের বছরের মতো শীর্ষে অবস্থান ধরে রেখেছে নরওয়ে। দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে আছে যথাক্রমে আয়ারল্যান্ড ও সুইজারল্যান্ড। এরপর রয়েছে হংকং, আইসল্যান্ড, জার্মানি, সুইডেন, অস্ট্রেলিয়া, নেদারল্যান্ডস ও ডেনমার্ক। আর সবার পেছনে আছে গায়ানা, লাইবেরিয়া, গিনি বিসাউ, কঙ্গো এবং নাইজার।

দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সূচকে বাংলাদেশের চেয়ে এগিয়ে আছে ভারত, শ্রীলঙ্কা, মালদ্বীপ ও ভুটান। এ বছর শ্রীলঙ্কার অবস্থান এক ধাপ পিছিয়ে ৭২তম হয়েছে। মালদ্বীপ ১০৪তম থেকে ৯ ধাপ এগিয়ে ৯৫তম স্থানে উঠে এসেছে। ভারত দুই ধাপ পিছিয়ে ১৩১তম ও ভুটান পাঁচ ধাপ এগিয়ে ১২৯তম অবস্থানে উঠে এসেছে।

অন্যদিকে বাংলাদেশের পেছনে রয়েছে পাকিস্তান, নেপাল ও আফগানিস্তান। পাকিস্তান এক বছরের ব্যবধানে দুই ধাপ পিছিয়ে ১৫৪তম, নেপাল ৫ ধাপ এগিয়ে ১৪২তম এবং আফগানিস্তান এক ধাপ এগিয়ে ১৬৯তম অবস্থানে রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত