মানিকগঞ্জে স্বাস্থ্যমন্ত্রী

জানুয়ারির শেষের দিকে ভ্যাকসিন পাবে বাংলাদেশ

আপডেট : ১৭ ডিসেম্বর ২০২০, ০১:৪৭ এএম

আগামী বছর জানুয়ারির শেষের দিকে সবকিছু ঠিক থাকলে বাংলাদেশ ভ্যাকসিন পাবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। গতকাল বুধবার দুপুর আড়াইটার দিকে মানিকগঞ্জ কর্নেল মালেক মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, করোনার সময়ে আমেরিকা অর্থনীতিতে ১৫ ভাগ পিছিয়েছে, সেখানে বাংলাদেশে ৫ ভাগ এগিয়েছে। আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিকনির্দেশনায় দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছি। বিশ্ববাসী আমাদের করোনাকালীন কাজের প্রশংসা করছে। আমরা করোনা নিয়ন্ত্রণ করেছি।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে দেশের ৬৪টি জেলায় মেডিকেল কলেজ স্থাপন করার পরিকল্পনা নেওয়া হয়েছে। দেশে ৩৮ মেডিকেল কলেজ স্থাপনার অনুমোদন দেওয়া হয়েছে। দেশের প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার। করোনা প্রতিরোধে সবাইকে সবসময় মাস্ক পরতে হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. আবদুল মান্নান, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মো. আলী নূর, স্বাস্থ্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ডা. এএইচএম এনায়েত হোসেন বক্তব্য রাখেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত