বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরকারীদের রাষ্ট্র ক্ষমা করবে না এবং প্রচলিত আইনে তাদের বিচার করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। গতকাল বুধবার ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা পরিষদ মিলনায়তনে বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগ দেন আইনমন্ত্রী। তিনি বলেন, ‘বাংলাদেশের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র ছিল এবং সেই ষড়যন্ত্রের কারণেই আমাদের প্রাণপ্রিয় নেতা সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধুকে হত্যা করা হয়। হত্যা করা হয় তার পরিবারের ১৭ সদস্যকে। হত্যা করা হয় আমাদের জাতীয় চার নেতাকে। তারপরের ইতিহাস আরও করুণ। ইনডেমনিটি অধ্যাদেশ জারি করা হয়। যাতে বাংলাদেশের মাটিতে হত্যাকারীদের বিচার না হয়।’
স্বাধীনতার মূল্যবোধ ও চেতনা স্বৈরাচার সরকারের মাধ্যমে ভূলুণ্ঠিত করা হয় উল্লেখ করে আইনমন্ত্রী বলেন, ‘হত্যাকারীদের বাংলাদেশের দূতাবাসে চাকরি দেওয়া হয়। রাজনীতি করার অধিকার দেওয়া হয়। কোনো নির্বাচন ছাড়াই তাদের বিরোধীদলীয় নেতা করা হয়। সেসব ইতিহাস এখন গত। আমরা এখন বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছি। যে বাংলাদেশকে এই স্বৈরাচারী সরকারের খুনি জিয়াউর রহমান, এরশাদ, খালেদা জিয়া সারা বিশ্বে পরিচিত করেছিল একটা ভিক্ষুক দেশ হিসেবে। আজকে সেই ইতিহাস পাল্টে গিয়ে সারা বিশ্বে এখন বাংলাদেশ পরিচিত হয়েছে উন্নয়নের রোল মডেল হিসেবে।’
আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূর-এ-আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আবুল কাশেম ভূঁইয়া, উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক মো. জয়নাল আবেদীন, বীর মুক্তিযোদ্ধা জামশেদ শাহ, মহিলা ভাইস চেয়ারম্যান নাছরিন সফিক, ওসি রসুল আহমদ নিজামী, উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহাবুদ্দিন বেগ শাপলু, যুব উন্নয়ন কর্মকর্তা মোসলেম উদ্দিন প্রমুখ।
