বেনামে চিঠি দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সভাপতি অধ্যাপক সৈয়দ আব্দুল্লাহ আল মামুনকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় বৃহস্পতিবার বিকেলে তিনি নিজের নিরাপত্তা চেয়ে নগরীর মতিহার থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
জিডির বিষয়টি নিশ্চিত করেন মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিদ্দিকুর রহমান।
তিনি বলেন, ‘অভিযোগের বিষয়টি আমরা আমলে নিয়েছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’
জিডিতে অধ্যাপক সৈয়দ আব্দুল্লাহ আল মামুন উল্লেখ করেন, ‘বৃহস্পতিবার দুপুরে অফিস কক্ষে একটি উড়ো চিঠি পায় বিভাগের এক কর্মচারী। চিঠির ওপরে অধ্যাপক আব্দুল্লাহ আল মামুনের নাম থাকায় ওই কর্মকারী চিঠিটি তাকে দেন। চিঠি খুলে দেখেন সেখানে তাকে হত্যার হুমকি দেওয়া আছে।’
চিঠিটিতে লেখা ছিল, ‘মি. মামুন। বহুত বক্তৃতা দিয়া বেড়াইতেছেন। জিহ্বা না থাকলে বক্তৃতাও শেষ মাস্টারিও শেষ। নামাজ-কালামের খবর নাই, উল্টা-পাল্টা বক্তৃতা মারান। প্রস্তুত হন। জানেন তো মাস্টার মারলে এদেশে বিচার হয় না? তোরে মারলে তো টু শব্দও হবে না।’
এ বিষয় জানতে চাইলে অধ্যাপক সৈয়দ আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘কে বা কারা আমাকে এ চিঠি দিয়েছে আমার জানা নেই। ব্যক্তিগতভাবে আমার কারো সাথে বিরোধও নেই। মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করি বলি মাঝে-মধ্যে আমাদের স্বাধীনতার পক্ষে কথা বলতে হয়। হয়তো এতেই কেউ ক্ষুদ্ধ হয়ে এ কাজ করেছেন’।
