প্রায় ১০ মাস পর বাংলাদেশ থেকে কলকাতায় পাড়ি জমালেন জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। গত বুধবার কলকাতায় পৌঁছান দুই বাংলার জনপ্রিয় এ তারকা। কলকাতা যাওয়ার এক দিনই পরই ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন বলে গণমাধ্যমকে জানান জয়া।
জয়া বলেন, ‘কতদিন পর কলকাতায় এলাম। এখানে কাজ শুরুর পর এতদিন কখনো কলকাতার বাইরে থাকা হয়নি। মিস করেছি শহরটাকে। অবশেষে ফিরেছি। ফিরেছি কাজেও।’ ঢাকা থেকে জয়া কলকাতার যোধপুর পার্কে তার ঠিকানায় গেছেন।
ভারতীয় গণমাধ্যম বলছে, জয়া গতকাল বৃহস্পতিবার একটি বিজ্ঞাপনের কাজ শুরু করেছেন। বিজ্ঞাপনের কাজটি শেষ হলেই শুরু করবেন নতুন সিনেমার শ্যুটিং।
অতনু ঘোষ পরিচালিত ‘রবিবার’ সিনেমায় অভিনয় করে জয়া আহসান মাদ্রিদ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২০ আসরে বিদেশি ভাষার চলচ্চিত্র বিভাগে সেরা অভিনেত্রী নির্বাচিত হয়েছেন। মুভিটিতে প্রসেনজিতের বিপরীতে অভিনয় করেন তিনি।
