আন্তর্জাতিক ক্রিকেটে স্বপ্নের মতো অভিষেক! দেশের জার্সিতে প্রথম ম্যাচেই বল হাতে দলকে জেতালেন নিউজিল্যান্ড পেসার জ্যাকব ডাফি। ২৬ বছর বয়সী এই ডানহাতি পেসারের বোলিংয়ে ভর করে পাকিস্তানকে হারিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-০ এগিয়ে গেল কিউইরা।
শুক্রবার অকল্যান্ডে সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তানকে ৫ উইকেটে হারায় নিউজিল্যান্ড।
দুই দলই তাদের সেরা খেলোয়াড় ছাড়াই মাঠে নেমেছিল। অধিনায়ক বাবর আজম ইনজুরিতে। তাকে ছাড়াও অনেক সিনিয়রদের বিশ্রাম দিয়েছিল পাকিস্তান। নিউজিল্যান্ডও তাদের সিনিয়রদের বিশ্রাম দিয়ে তরুণদের ওপর আস্থা রাখে।
কেন উইলিয়ামসন ও টিম সাউদি না-থাকায় কিউইদের নেতৃত্ব দেন মিচেল স্যান্টনার। আর পাকিস্তানকে নেতৃত্ব দেন শাদাব খান।
টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় পাকিস্তান। তবে শুরুটা ভালো হয়নি। টপ ফোর ব্যাটসম্যান পাওয়ার প্লে-র মধ্যে ডাগ-আউটে ফিরে যায়। এই সময় ২৩টি ডট বল খেলে পাক ব্যাটসম্যানরা।
তবে অধিনায়কের ব্যাটে লড়াইয়ে ফেরে পাকিস্তান। ৯ উইকেটে ১৫৩ রান তোলে অতিথিরা। সর্বোচ্চ ৪২ রান করেন শাদাব খান। এছাড়াও ফাহিম আশরাফ ১৮ বলে ৩১ রানের ঝোড়ো ইনিংস খেলে পাকিস্তানকে দেড়শোর গণ্ডি টপকাত সাহায্য করেন। ১৪ বলে ১৯ রান করেন শাহিন আফ্রিদি।
বল হাতে দুরন্ত অভিষিক্ত ডাফি চার ওভারে ৩৩ রান খরচায় ৪ উইকেট তুলে নেন।
প্রথম পাঁচ ব্যাটসম্যানের মধ্যে চারজনকে ডাগআউটে ফেরান ডাফি৷ তার বোলিং দাপটে প্রথম ৪.১ ওভারে ৪ উইকেট হারিয়ে মাত্র ২০ রান তুলেছিল পাকিস্তান। সেখান থেকে অধিনায়ক শাদাব, আশরাফ ও ওয়াসিমের ব্যাটে ভর করে নিউজিল্যান্ডের সামনে ১৫৪ রানের টার্গেট রাখে।
রান তাড়া করতে নেমে শুরুতেই মার্টিন গাপটিলের উইকেট হারালেও টিম সেফার্ট ও মার্ক চ্যাপম্যানের ব্যাটে ৭ বল বাকি থাকতেই ম্যাচ জিতে নেয় স্বাগতিকরা।
সেফার্ট ৪৩ বলে ৫৭ এবং চ্যাপম্যান ২০ বলে ৩৪ রান করেন। তবে অভিষেকে চার উইকেট নিয়ে ম্যাচের সেরা হন ডাফি।
সিরিজের পরের ম্যাচ রবিবার হ্যামিলটনে।
