‘মেজর’ মঞ্চস্থ

আপডেট : ১৯ ডিসেম্বর ২০২০, ০১:৩৬ এএম

রাজধানীর জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার মিলনায়তনে গতকাল শুক্রবার সন্ধ্যা ৭টায় মঞ্চায়িত হয়েছে নাটক ‘মেজর’। এটি রচনা ও নির্দেশনা দিয়েছেন অনন্ত হিরা। নাট্য সংগঠন প্রাঙ্গণেমোর ও শব্দ নাট্যচর্চা কেন্দ্র যৌথভাবে প্রযোজনা করেছে ‘মেজর’ নাটকটি। ১৬ ডিসেম্বর মহিলা সমিতি মিলনায়তনে নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন হয়। গতকাল নাট্যশালার পরীক্ষণ মিলনায়তনে নাটকটির দ্বিতীয় মঞ্চায়ন হয়েছে।

নাট্যকার ও নির্দেশক অনন্ত হিরা বলেন, ‘“মেজর” নাটকটি স্বাধীনতা-পরবর্তী বাংলাদেশে আলোচিত একটি চরিত্র। কিন্তু এটি নিয়ে তেমন কাজ হয়নি। শুধু বলব, “মেজর” আমার সময়োপযোগী সবচেয়ে সাহসী বিষয় নির্বাচন। এ বিষয় নিয়ে আগে কখনো চলচ্চিত্র, টিভি নাটক, থিয়েটার কিছুই হয়নি।’ এর আগে ‘শ্যামাপ্রেম’, ‘লোকনায়ক’, ‘আওরঙ্গজেব’, ‘ঈর্ষা’, ‘মাইকেল মধুসূদন’, ‘হাসনজানের রাজা’, ‘কনডেমড সেল’, ‘তৃতীয় একজন’ নাটকগুলোর মাধ্যমে প্রশংসিত হয়েছেন অনন্ত হিরা। টেলিভিশন ও সিনেমা নিয়েও কাজ করছেন তিনি। এই নির্দেশকের নতুন নাটক ‘মেজর’। অনন্ত হিরা বলেন, ‘করোনা শুরু হওয়ার আগে থেকেই আমরা নাটকটির ব্যাপারে পরিকল্পনা করি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উদযাপনের অংশ হিসেবে যখন নানা রকম পরিকল্পনা চলছিল, তখন একধরনের দায় অনুভব করেছি একটা নাটক করার। বঙ্গবন্ধুকে সম্মান জানিয়ে এ দেশের একজন সাধারণ থিয়েটার শিল্পী হিসেবে দায় অনুভব করে আসলে নাটকটি করার ব্যাপারে ভেবেছি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত