হকার সংস্কৃতির স্বীকৃতি দিল জাতিসংঘ

আপডেট : ১৯ ডিসেম্বর ২০২০, ০৩:৫৮ এএম

পৃথিবীর অধিকাংশ দেশের শহরাঞ্চলে হকারদের দেখা যায়। দেশীয় অর্থনীতিতে এই হকাররা অবদান রাখলেও তাদের কোনো স্বীকৃতি নেই। তবে সম্প্রতি সিঙ্গাপুরের হকার সংস্কৃতির স্বীকৃতি দিয়েছে জাতিসংঘ। এই স্বীকৃতি অন্য দেশের হকার সংস্কৃতিকে সামনে আসতে সহায়তা করবে বলে মনে করছেন বিশ্লেষকরা।

দেশটির রাস্তায় তৈরি করা খাবারের দোকানগুলোর হকাররা জাতিসংঘের শিক্ষামূলক, বৈজ্ঞানিক ও সাংস্কৃতিক সংস্থা ইউনেসকোর কাছে তাদের পেশা ও খাবারকে সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে ঘোষণা দেওয়ার আবেদন জানিয়েছিল। গত বুধবার ইউনেসকো ওই আবেদনে সাড়া দেয়।

বুধবার দেশটির প্রধানমন্ত্রী লি সিয়েন লুং তার ফেইসবুক স্ট্যাটাসে লেখেন, ‘যে সব হকার প্রজন্মের পর প্রজন্ম ধরে জাতির পাকস্থলী ও ঐতিহ্য ধরে রেখেছেন, তাদের আমি ধন্যবাদ জানাই।’

ঐতিহ্যবাহী খাবার বিক্রেতা নগ কক হুয়া এএফপিকে বলেন, ‘আগে হকার হওয়াকে সামাজিকভাবে নিচু চোখে দেখা হতো। একে ভিক্ষুকদের ব্যবসা হিসেবেও দেখা হতো। কিন্তু এখন সেই পরিস্থিতি নেই। সিঙ্গাপুরের হকার সংস্কৃতি এখন বৈশি^কভাবে স্বীকৃত।’ সিঙ্গাপুরে উন্মুক্ত স্থানে বিভিন্ন ধরনের খাবারের পসরা সাজিয়ে বসার ঘটনা অনেক পুরনো। খুব সস্তায় খাবার প্রাপ্তির কারণে বিদেশি পর্যটকদের কাছেও সিঙ্গাপুর বেশ জনপ্রিয়।

ইউনেসকো তাদের ওয়েবসাইটে লিখেছে, সিঙ্গাপুরের জনগোষ্ঠীতে চাইনিজ, মালয়, ভারতীয়সহ অন্যান্য জাতির মানুষও রয়েছে। এই সব জাতির মানুষ সম্মিলিতভাবে সিঙ্গাপুরের হকার সংস্কৃতিকে উন্নত করেছে। কিছু হকার নির্দিষ্ট কিছু খাবার তৈরিতেই পারদর্শী। তারা বছরের পর বছর ধরে একই খাবার তৈরি করে বিক্রি করে যাচ্ছেন। এমনকি প্রজন্ম থেকে প্রজন্ম একই রেসিপি ব্যবহার করে আসছেন এমন নজিরও আছে।

নগের খাবারের স্টলই একটি জলজ্যান্ত উদাহরণ। স্টলটি শুরু করেছিলেন নগের বাবা। সিঙ্গাপুরের ঐতিহ্যবাহী মাংসের তৈরি একধরনের রেসিপি, এখন যা হাতে গোনা কয়েকটি স্থানেই কেবল পাওয়া যায়। এমন একটি স্টল চালান নগ। ফলে সিঙ্গাপুরের দূর-দূরান্ত থেকে মানুষ নগের স্টলে আসেন শুধু এ খাবারটির স্বাদ নিতে।

ভারতীয় খাবার বিক্রেতা পাশা সিরাজ বলেন, ‘হকার সংস্কৃতি ধনীদের নয়। এটা এমন একটা সংস্কৃতি, যা সিঙ্গাপুরের সাধারণ মানুষ উদযাপন করতে পারে। বোটানিক গার্ডেনের চেয়েও সিঙ্গাপুরের হকারদের প্রতি মানুষের টান বেশি। ইউনেসকোর স্বীকৃতি হকারদের জীবনকে পূর্ণতা দিয়েছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত