রাবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

আপডেট : ১৯ ডিসেম্বর ২০২০, ০৬:১৯ পিএম

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের  দ্বিতীয় বর্ষের দেবজ্যোতি বসাক পার্থ নামের এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার সকালে পটুয়াখালী শহরে তার নিজ বাড়িতে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তাকে উদ্ধার করা হয়।

ওই শিক্ষার্থীর সহপাঠীরা জানান, শুক্রবারেও পার্থ স্বাভাবিক জীবন-যাপন করেছে। আমাদের সাথে তার কথা হয়েছিল। বিভিন্ন সময় সে মানসিক চাপে থাকলে আমাদের সাথে সেটাও শেয়ার করত। হঠাৎ করে তার এমন সিদ্ধান্ত মেনে নেওয়ার মত নয়।

তারা আরও জানান, পার্থর লাশ মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে তার শেষকৃত্য সম্পন্ন করা হবে।

জানা যায়, শনিবার সকালে তার পরিবার তার রুমে গিয়ে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পটুয়াখালী সরকারি মেডিকেলে নিয়ে যায়। সেখানে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক বখতিয়ার আহমেদ তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, যতদূর জানতে পেরেছি, ভোর সাড়ে ৫টার দিকে পার্থ 'আত্মহত্যা' করেছে। তার মৃত্যুর সঠিক কারণ এ পর্যন্ত জানা যায়নি। তবে তার সহপাঠীদের মাধ্যমে জেনেছি, তিনি মানসিক চাপে ভুগছিলেন। 

তিনি অারও বলেন, সম্প্রতি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের আত্মহত্যার প্রবণতা অনেক বেড়েছে গেছে। করোনা পরিস্থিতিতে এ ধরণের ঘটনাগুলো ব্যাপকতা পাচ্ছে। এক্ষেত্রে হয়তো আমরা তাদের সঠিকভাবে কাউন্সিলিং করতে পারছি না। আমরা এভাবে আর কোন পার্থকে হারাতে চাইনা। এ সময় তিনি পার্থ’র শোক-সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত