সরকারি গাড়িতে ফেনসিডিল বহনের অভিযোগে রাজশাহী জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (উপসচিব) নুরুজ্জামানসহ দুজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
গত শুক্রবার রাত ৯টার দিকে চাঁপাইনবাবগঞ্জের বীরশ্রেষ্ঠ শহীদ জাহাঙ্গীর সেতু (মহানন্দা সেতু) টোলঘর এলাকা থেকে তাদের আটক করা হয়। আটক অন্যজনের নাম অহিদুজ্জামান লাজুক। তার বাড়ি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাটে।
এ ঘটনায় গতকাল শনিবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় বাদী হয়ে দুজনের নামে মামলা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তদন্তকারী কর্মকর্তা। পরে বিকেলে আসামিদের আদালতে সোপর্দ করা হয় বলে জানিয়েছেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক আনিসুর রহমান খান।
চাঁপাইনবাবগঞ্জ সার্কিট হাউজে সাংবাদিকদের তিনি বলেন, নিয়মিত অভিযানের অংশ হিসেবে অধিদপ্তরের পরিদর্শক সাইফুর রহমানের নেতৃত্বে একটি দল শুক্রবার রাত ৯টার দিকে বীরশ্রেষ্ঠ শহীদ জাহাঙ্গীর সেতুর টোলঘর এলাকায় রাজশাহী জেলা পরিষদের একটি গাড়ি (রাজ মেট্রো ঘ-১১-০০৭১) তল্লাশি করে। এ সময় গাড়িতে থাকা ৫টি কোকাকোলার বড় বোতলে (৫৫ বোতল সমপরিমাণ) ফেনসিডিল পাওয়া যায়। এগুলো চাঁপাইনবাবগঞ্জ শহরে নিয়ে যাওয়া হচ্ছিল। এরপর গাড়ির দুজনকে আটক করা হয়। তাদের মধ্যে নুরুজ্জামান নিজেকে উপসচিব ও রাজশাহী জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা পরিচয় দেন। চাঁপাইনবাবগঞ্জ সার্কিট হাউজে আনার পর তাদের পরিচয় নিশ্চিত হয়ে রাতেই ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়।
