আবারও হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের কনস্ট্রাকশন সাইটে ২৫০ কেজি ওজনের একটি বোমা উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার বেলা পৌনে ১১টায় পাইলিংয়ের সময় ২৫ জেনারেল পারপাস (জিপি) বোমা পাওয়া যায়। খবর পেয়ে বাংলাদেশ বিমানবাহিনী ঘাঁটি বঙ্গবন্ধুর প্রশিক্ষিত বোমা ডিসপোজাল দল ঘটনাস্থলে পৌঁছে বোমাটি নিষ্ক্রিয় করে। পরে বোমাটি ধ্বংস করার উদ্দেশ্যে প্রয়োজনীয় সতর্কতার সঙ্গে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সকালের শিফটের শ্রমিক ও প্রকৌশলীরা যথারীতি সাইটে এসে কাজ শুরু করেন। প্রকল্প এলাকার মাঝামাঝি অংশে কর্মব্যস্ত শ্রমিকরা পাইলিংয়ের জন্য মাটি খনন শুরু করতেই চোখে পড়ে বিশালাকার স্টিলের একটি সিলিন্ডার। এতে শ্রমিকরা কিছুটা সতর্ক হয়ে অন্যান্য দায়িত্বশীল কর্মকর্তাকে ডেকে আনেন। তারা এটাকে বিপজ্জনক বোমা হিসেবে সন্দেহ করে খবর পাঠায় বিমানবন্দরের দায়িত্বশীল মহলে। খবর পেয়ে ছুটে আসেন বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এ এইচ এম তৌহিদ উল আহসান, এভসেক পরিচালক উইং কমান্ডার সৈয়দ আলী আজমসহ অন্য নিরাপত্তাকমীরা। তারা ঘটনাস্থল পরিদর্শন ও প্রাথমিক তথ্য জানার পর বিমানবাহিনীর বঙ্গবন্ধু ঘাঁটির বোম্ব ডিসপোজাল ইউনিটকে জানায়। বিমানবাহিনীর বোমা বিশেষজ্ঞরা ঘটনাস্থলে এসে নিশ্চিত করেন এটি একটি বোমা। প্রাথমিকভাবে তারা বোমাটি নিষ্ক্রিয় করে। উদ্বারকৃত বোমাটিও আগের মতোই ২৫০ কেজি ওজনের। এ বোমাটিও তাজা ছিল।
