অনলাইনে ফাঁস ‘নবাব এলএলবি’, অভিযোগ করলেন পরিচালক

আপডেট : ২০ ডিসেম্বর ২০২০, ০৫:১০ পিএম

বিজয় দিবসে ওটিটি প্ল্যাটফর্ম আই থিয়েটারে মুক্তি পায় অনন্য মামুন পরিচালিত ‘নবাব এলএলবি’। শাকিব খান, মাহিয়া মাহি ও অর্চিতা স্পর্শিয়ার এ ছবি কয়েক দিনের মাঝেই ফাঁস হয়ে গেল অনলাইনে। এ নিয়ে সাইবার ক্রাইম ইউনিটে গেলেন নির্মাতা।

বিষয়টি এক ফেইসবুক পোস্টে উল্লেখ করলেন অনন্য মামুন। সঙ্গে ‘অর্ধেক সিনেমা’ নিয়ে চলমান বিতর্ক নিয়েও ক্ষোভ প্রকাশ করলেন।

নির্মাতা লেখেন, “হাফ নাকি ফুল সিনেমা সেটা নিয়ে কত যুক্তি, কিন্তু পাইরেসি করে যারা সব নষ্ট করলো তাদের নিয়ে তো কথা বলতে শুনলাম না। সবার গালাগালি ও অভিযোগে আমি সত্যি অনেক খুশি, কারণ সিনেমা ভালো না হলে এত কথা হতো না।”

এর পরেই আসেন অভিযোগ দায়ের প্রসঙ্গে, “আচ্ছা রিলিজের পরে তো সবাই জেনেছে সিনেমা হাফ, তার আগে কত জন টিকিট কেটেছেন সিনেমা দেখার? সবাই তো বসে ছিলেন কখন পাইরেসি হবে আর বিনা পয়সায় দেখবেন। সামনে আরও অনেক কিছু দেখানোর বাকি আছে, যা করবো সিনেমার ভালোর জন্য করবো। নবাব এলএলবি-এর পাইরেসি রোধে আজ সাইবার ক্রাইম ইউনিট, ডিএমপিতে লিখিত অভিযোগ করলাম। আমরা বিশ্বাস করি সুদক্ষ এই টিম সাইবার পাইরেসি রোধ করে দেশীয় সংস্কৃতির সুরক্ষায় ব্যাপক ভূমিকা পালন করবে।”

রবিবার দুপুরে সাইবার ক্রাইম ইউনিটে অভিযোগ করেন অনন্য মামুন। এর আগে হাতিরঝিল থানায় একটি জিডি করেন। সেখানে বিভিন্ন ওয়েবসাইটের লিংক ও পাইরেসির সঙ্গে যুক্ত কয়েকজনের নাম উল্লেখ করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত