বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘কিশোরগঞ্জে বিএনপির নেতাকর্মীদের ওপর পুলিশি হামলা ও মামলা দায়েরের ঘটনায় আবারও প্রমাণিত হলো দেশে আইনের শাসন নেই, রাজনীতি করার ন্যূনতম সুযোগও নেই, এটি এখন দিবালোকের মতো স্পষ্ট।’ গতকাল রবিবার দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, ‘কিশোরগঞ্জ জেলাধীন ইটনা উপজেলার রায়টুটি ইউনিয়ন জাতীয়তাবাদী যুবদলের কর্মী সমাবেশের ওপর পুলিশ বেধড়ক লাঠিচার্জ ও নেতাকর্মীদের আহত করেছে। পরে ১২০ জন নেতাকর্মীর নাম উল্লেখ করে আরও অজ্ঞাত ৮০-৯০ জনের বিরুদ্ধে বানোয়াট মামলা দায়ের করে পুলিশ। পুলিশি অভিযানের কারণে নেতাকর্মীরা বর্তমানে এলাকায় থাকতে পারছেন না। পুলিশের এ ধরনের ন্যক্কারজনক আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’
তিনি বলেন, ‘৩০ ডিসেম্বর মধ্যরাতের মহাভোট ডাকাতির নির্বাচনের পর বর্তমান সরকারের দুঃশাসনের বিষবাষ্প এখন যেন আরও ভয়াবহ রূপ ধারণ করেছে। বিশে^র গণধিক্কৃত সব স্বৈরাচারকে টেক্কা দিয়ে জনসমর্থনহীন বর্তমান আওয়ামী সরকার অবর্ণনীয় দুঃশাসন জারি রেখেছে বিএনপি ও বিরোধী দলগুলোর নেতাকর্মীসহ সাধারণ মানুষের ওপর। এতে জনগণের জানমালের নিরাপত্তাকে এখন চরম হুমকির মুখে ঠেলে দিয়েছে।’
বিবৃতিতে অবিলম্বে নেতাকর্মীদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবি জানান বিএনপি মহাসচিব। একই সঙ্গে আহত নেতাকর্মীদের আশু সুস্থতা কামনা করেন।
