আরব আমিরাতে জানুয়ারিতে শুরু হতে যাওয়া টি-টেন লিগে বাংলাদেশ থেকে এবার কারা খেলবেন? এটা একটা প্রশ্ন। কিন্তু প্রশ্ন আছে আরও অনেক। যেসবের জবাব জানতে বাংলা টাইগার্সের মালিকপক্ষকে দেশ রূপান্তরের পক্ষ থেকে একাধিকবার ফোন করেও জবাব মেলেনি।
আবু জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে ২৮ জানুয়ারি শুরু আইসিসি অনুমোদিত ১০ ওভারের এই আসরে বাংলাদেশের টি-২০ অধিনায়ক মাহমুদউল্লাহ খেলতে পারেন। কেরালা দলের আগ্রহ আছে বাঁহাতি তরুণ ফাস্ট বোলার মেহেদী হাসান রানার প্রতি। এদের নাম খেলোয়াড় ড্রাফটের জন্য জমা পড়েছে। মাহমুদউল্লাহ খেললে খেলবেন বাংলা টাইগার্সেই। স্পিনার নাসুম আহমেদের নাম গেছে। কিন্তু তার দল ঠিক হয়নি। এর বাইরে আরও কিছু খেলোয়াড়ের নাম জমা পড়েছে।
গতবারের টুর্নামেন্টের পর কর্র্তৃপক্ষের আচরণ বাংলাদেশের খেলোয়াড়দের আহত করেছে বলে জানা গেছে। বোনাস ঠিক সময়ে পেয়েছেন তৃতীয় হওয়া দলটির খেলোয়াড়, স্টাফরা। কিন্তু চুক্তির টাকার সর্বোচ্চ ৬০ শতাংশ পেয়েছেন কেউ কেউ। বিশ্বস্ত সূত্র জানিয়েছে, এর চেয়ে কম টাকাও দেওয়া হয়েছে খেলোয়াড়দের। এবং টুর্নামেন্টের পর এমনকি কভিড-১৯-এর সময় যোগাযোগ করেও মালিকপক্ষের কাছ থেকে কোনো সাড়া মেলেনি।
যতদূর জানা যায়, দুইপক্ষের মধ্যে দূরত্ব ব্যাপক। নাজমুল আবেদীন ফাহিম ছিলেন বাংলা টাইগার্সের উপদেষ্টা। তাকে না জানিয়ে নতুন এবং বিদেশি অ্যাডভাইজর নেওয়া হয়েছে ল্যান্স ক্লুজনারকে। আর এর মধ্যে ওই আসরের কোচ আফতাব আহমেদ, ম্যানেজার নাফিস ইকবালরা পদত্যাগ করেছেন। কোচ হিসেবে নেওয়া হয়েছে একজন ইংলিশকে। দলটার নাম বাংলা টাইগার্স। কিন্তু থিঙ্ক ট্যাঙ্কের পুরোটাই বিদেশি হয়ে গেছে। ব্যাপারটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জন্যও বিব্রতকর। তাদের খেলোয়াড়রা একটা পেশাদার আসরে খেলে পুরো টাকা পাননি একটা বছরেও। বাকি টাকা দেওয়ার কোনো অঙ্গীকারও বাংলা টাইগার্স মালিকপক্ষ করেনি। তারা বরং উপেক্ষা করে গেছে সবাইকে, অভিযোগ গতবারের বাংলাদেশি ম্যানেজমেন্ট ও খেলোয়াড়দের কাছ থেকে।
সিরাজউদ্দিন আলমগীরও এবার নেই। এটা একটা চমক বটে। চট্টগ্রামের এই সংগঠক সুচারুভাবে সবকিছু করতে জানেন। কিন্তু বাংলা টাইগার্সের কর্র্তৃপক্ষের সঙ্গে গতবারের বিষয়টা গোলমেলে হয়ে ওঠায় বিসিবির অন্যতম বড় এই কর্মকর্তা দলটার সঙ্গে থাকতে চাননি বা পারেননি।
৮ টিমের এই আসরে বিখ্যাত তারকাদের কয়েকজনের দল আগেই ঠিক হয়ে গেছে। সেটা এমন ক্রিস গেইল টিম আবুধাবি, শহিদ আফ্রিদি কালান্দারস, ডোয়াইন ব্রাভো দিল্লি বুলস, আন্দ্রে রাসেল নর্থারন ওয়ারিয়র্স, সুনিল নারিন ডেকেন গ্ল্যাডিয়েটরস, শোয়েব মালিক মারাঠা আরাবিয়ানস, থিসারা পেরেরা পুনে ডেভিলস ও ইসুরু উদানা বাংলা টাইগার্স।
