আর্থিক প্রতিষ্ঠানের রেটিংয়ে পরিবর্তন

আপডেট : ২২ ডিসেম্বর ২০২০, ০১:০৫ এএম

ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলোর (এনবিএফআই) গড় ঝুঁকির রেটিং পদ্ধতিতে রঙের পরিবর্তে ইংরেজি বর্ণমালা প্রচলন করেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে ঝুঁকিবাহিত সম্পদের ভিত্তিতে কোনো আর্থিক প্রতিষ্ঠানের অবস্থান ভালো, মোটামুটি বা মন্দ তা বোঝাতে ‘এ’, ‘বি’ ও ‘সি’Ñ এই তিন ধরনের রেটিং দিয়ে বোঝাবে বাংলাদেশ ব্যাংক। আগে ঝুঁকির ভিত্তিতে এই তিন ধরনের আর্থিক প্রতিষ্ঠানকে যথাক্রমে সবুজ, হলুদ ও লাল অঞ্চলে ভাগ করা হতো।

গতকাল বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ থেকে এ সংক্রান্ত এক সার্কুলার জারি করে সব আর্থিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালকদের পাঠানো হয়। বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানান, খেলাপি ঋণ বা অন্যান্য ঝুঁকিবাহিত সম্পদ বেড়ে গেলে আর্থিক প্রতিষ্ঠানে কী পরিণতি হতে পারে তা বোঝার জন্য বাংলাদেশ ব্যাংক স্ট্রেস বা অভিঘাত নির্ণয় করে। এর ভিত্তিতে প্রতিটি আর্থিক প্রতিষ্ঠানের আলাদা রেটিংও করা হয়। আগে এই রেটিং রং দিয়ে প্রকাশ করা হতো। এখন থেকে ইংরেজি বর্ণমালা দিয়ে প্রকাশ করা হবে। ঝুঁকির পাশাপাশি ইনসলভেন্সি বা অক্ষমতা রেটিং করা হয়। সেখানেও রঙের ব্যবহার ছিল। এখন থেকে এই রেটিং সংখ্যা দিয়ে করা হবে। অর্থাৎ ১, ২ ও ৩ সংখ্যা দিয়ে করা হবে।

বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা অনুযায়ী, ঝুঁকি ও অক্ষমতার যৌথ রেটিংয়ের  ক্ষেত্রে যেসব আর্থিক প্রতিষ্ঠান ‘এ’১ ও ‘এ’২ রেটিং পাবে সেগুলো সুন্দরভাবে পরিচালিত হচ্ছে বোঝাবে। ‘এ’৩, ‘বি’১ ও ‘বি’২ রেটিং পাওয়া আর্থিক প্রতিষ্ঠান  মোটামুটিভাবে চলছে এবং ‘বি’৩, ‘সি’১, ‘সি’২ ও ‘সি’৩ রেটিং পাওয়া আর্থিক প্রতিষ্ঠানকে দুর্বলভাবে চলছে বোঝাবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত