আজ ঢাকা আসছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

আপডেট : ২২ ডিসেম্বর ২০২০, ০২:২০ এএম

দুই দিনের সফরে আজ মঙ্গলবার ঢাকায় আসছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লুভ। গতকাল সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেনের আমন্ত্রণে এ সফরে আসছেন তিনি। এ সফরে দ্বিপক্ষীয় বিষয়ের পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক নানা ইস্যুতে আলোচনা হবে। সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও সাক্ষাৎ করবেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই কর্মকর্তা জানান, তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার রাতে ঢাকায় এসে পৌঁছাবেন। বুধবার পররাষ্ট্রমন্ত্রী ড. আবদুল মোমেনের উপস্থিতিতে তুরস্কের নবনির্মিত দূতাবাস ভবন উদ্বোধন করবেন। ওইদিন দুই পররাষ্ট্রমন্ত্রী দ্বিপক্ষীয় বৈঠক করবেন। ওই বৈঠকে আন্তর্জাতিক অপরাধ আদালতে গাম্বিয়ার করা মামলা পরিচালনায় দেশটির সহযোগিতা ও রোহিঙ্গা ইস্যুতে আরও কীভাবে দেশটি কাজ করতে পারে এ নিয়ে আলোচনা হবে। এ ছাড়া আলোচনায় ঢাকা-আঙ্কারা বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও গতিশীল করার লক্ষ্যে উভয় দেশের জনগণের মধ্যে সম্পর্ক তৈরি ও বাংলাদেশের মেডিকেল শিক্ষার্থীদের দেশটিতে শিক্ষা গ্রহণের বিষয়টি স্থান পাবে।

এদিকে ঢাকায় তুরস্কের রাষ্ট্রদূত মুস্তফা ওসমান তুরান বলেন, তুরস্কের প্রেসিডেন্ট বাংলাদেশ এবং তুরস্কের মধ্যে বিদ্যমান বাণিজ্যের পরিমাণ বছরে ২ বিলিয়ন ডলারের বেশি হওয়া উচিত বলে ইতিপূর্বে যে অভিমত ব্যক্ত করেছেন তা বাস্তবায়নের বিষয়ে দুই পররাষ্ট্রমন্ত্রী আলোচনা করবেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত