ভারতে কৃষি আইন বাতিলের দাবিতে ২৬ দিন ধরে আন্দোলন করছেন কৃষকরা। এরপরও সরকারের পক্ষ থেকে আইন বাতিলের কোনো সিদ্ধান্ত আসেনি। তাই সরকারের ওপর আরও চাপ বাড়াতে চান কৃষকরা। এর অংশ হিসেবে গতকাল সোমবার থেকে রিলে অনশন শুরু করেছেন তারা।
ভারতের সংবাদমাধ্যমগুলো জানায়, দেশের অন্যান্য রাজ্যের কৃষকদের রিলে অনশনে যোগ দেওয়ার আহ্বান জানানোর পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পরবর্তী ‘মন কি বাত’ অনুষ্ঠান চলাকালীন থালা বাজিয়ে প্রতিবাদ জানানোর জন্যও দেশবাসীকে অনুরোধ জানিয়েছেন তারা। গত রবিবার সন্ধ্যায় সংবাদ সম্মেলনে স্বরাজ ইন্ডিয়ার প্রধান যোগন্দ্র যাদব বলেন, ‘সোমবার থেকে ২৪ ঘণ্টার রিলে অনশন শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দিল্লি সীমানায় প্রতিটি প্রতিবাদস্থলেই এ অনশন শুরু হবে। একসঙ্গে কমপক্ষে ১১ জন থাকবেন অনশনে। দেশের বিভিন্ন প্রান্তে থাকা কৃষকদের আমাদের সঙ্গে যোগ দেওয়ার আহ্বান জানাচ্ছি।’
অনশনের পাশাপাশি আগামী দিনগুলোতে আন্দোলন চলাকালীন বিভিন্ন প্রতিবাদ কর্মসূচিও নিয়েছে কৃষক সংগঠনগুলো। ভারতে প্রতি বছর ২৩ ডিসেম্বর কৃষক দিবস পালিত হয়। সংগঠনগুলোর পক্ষ থেকে ওইদিন দেশের সব কৃষককে দুপুরের খাবার না খাওয়ার অনুরোধ জানানো হয়েছে।
এ বিষয়ে ভারতীয় কিষান ইউনিয়নের রাকেশ তিকাইত বলেন, ‘এ কিষান দিবসে দেশের সব কৃষককে এক বেলা খাবার না খাওয়ার জন্য অনুরোধ করছি। যারা জাতিকে খাবারের জোগান দেন তারা ক্ষুধার্ত থাকেন। কারণ সরকারের কৃষকবিরোধী পদক্ষেপ। আমি সবাইকে অনুরোধ করছি ওইদিন রান্না না করতে এবং কৃষকদের সঙ্গে যোগ দিতে।’
২৭ ডিসেম্বর মাসিক ‘মন কি বাত’ অনুষ্ঠান করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ওই অনুষ্ঠান চলাকালীন প্রতিবাদ জানানোর সিদ্ধান্তও নিয়েছেন আন্দোলনকারীরা। সেই প্রতিবাদে দেশবাসীকে শামিল হওয়ারও আবেদন জানিয়েছেন তারা। করোনাকালে নরেন্দ্র মোদি যেভাবে দেশবাসীকে থালা বাজানোর অনুরোধ জানিয়েছিলেন, ঠিক সেভাবেই ২৭ ডিসেম্বর ‘মন কি বাত’-এর সময় থালা বাজিয়ে প্রতিবাদ জানাতে দেশবাসীর কাছে আবেদন জানিয়েছেন কৃষকরা।
