লা লিগায় সেরা বেনজেমা

আপডেট : ২৩ ডিসেম্বর ২০২০, ১২:৫৩ এএম

ব্যালন ডি’অর কিংবা ফিফা দ্য বেস্ট দুই জায়গাতেই লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর আধিপত্য। তাদের সেই একক আধিপত্য ২০১৮ ও ২০২০-এ ভাঙেন লুকা মদ্রিচ ও রবার্ট লেভানডোস্কি (দ্য বেস্ট) । এবার স্প্যানিশ লিগে মেসি ও রোনালদোর আধিপত্য ভেঙে সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতলেন করিম বেনজেমা। ক্রীড়াবিষয়ক স্প্যানিশ দৈনিক মার্কা প্রতি মৌসুমের লা লিগায় সেরা খেলোয়াড়ের পুরস্কার দেয়। ২০০৭-০৮ মৌসুম থেকে পরের ১১ মৌসুমে পুরস্কারটা ভাগাভাগি করে নেন মেসি ও রোনালদো। প্রথমবার তাদের ধারাবাহিকতা রুখে এ পুরস্কার পাওয়াটা সম্মানের বলছেন বেনজেমা।

২০১৮ সালে রোনালদো চলে গেছেন জুভেন্তাসে। সময়ের সেরা দুই তারকা খেলোয়াড়ের রাজত্ব ভেঙে এবার সেরা খেলোয়াড়ের পুরস্কার জেতাটা সম্মানের করিম বেনজেমার কাছে। গেল মৌসুমে লকডাউনের আগ পর্যন্ত লা লিগায় দাপট ছিল বার্সেলোনার। তবে বিরতি শেষে ফুটবল ফের মাঠে ফিরতেই বদলে যায় সব কিছু। ৫ পয়েন্টের ব্যবধানে বার্সাকে পেছনে ফেলে লা লিগার শিরোপা পুনরুদ্ধার করে রিয়াল মাদ্রিদ। আর তার মূল নায়ক ছিলেন বেনজেমা। গোল করেছিলেন ২১টি। বেনজেমা বলেন, ‘তারা (মেসি এবং রোনালদো) অন্য ধরনের। তারা ব্যক্তিগত অনেক পুরস্কারই জিতেছেন। আমার জন্য তাদের মতো দুই খেলোয়াড়কে ছাপিয়ে এ পুরস্কার জেতা সম্মানের।’ ইন্টারনেট।

বেনজেমা নিজে না জিতলে এবার এই পুরস্কারের দাবিদার কাকে বলে মনে করেন এমন প্রশ্নের উত্তরে বলেন, ‘অনেকেরই এ পুরস্কার পাওয়ার সম্ভাবনা ছিল। সার্জিও রামোসের দারুণ একটি মৌসুম গিয়েছে। আমি অন্য কোনো দলের খেলোয়াড়দের দিকে তাকাই না। আমি সব সময় আমার সতীর্থদের নিয়ে ভাবি।’ ইন্টারনেট।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত