ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে অক্সিজেনের অভাবে ১০ মাস বয়সী শিশুর মৃত্যুর অভিযোগের ঘটনায় হাসপাতালের নার্সসহ তিনজনের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। গতকাল মঙ্গলবার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ঠাকুরগাঁও সদর আমলি আদালতে মামলাটি করেন ওই শিশুর বাবা ফয়সাল মাহমুদ।
আসামিরা হলেন ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স মোছা. উম্মে কুলসুম ও মোছা. কামরুন নাহার এবং বহিরাগত মিলন চন্দ্র। আদালতের বিচারক এস রমেশ কুমার মামলটি আমলে নিয়ে তদন্তের জন্য পিবিআইকে নির্দেশ দিয়েছে।
মামলার অভিযোগে বলা হয়, ১০ মাস বয়সী শিশুকন্যা সামাইরা ফালাক শ্বাসকষ্টে ভুগলে গত ১২ ডিসেম্বর রাতে আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা গেলে পরিবারের পক্ষ থেকে হাসপাতালের স্বাস্থ্যকর্মীদের অবহেলা ও অক্সিজেনের অভাবের অভিযোগ করা হয়। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে তোলপাড় শুরু হয়।
