দিনাজপুরের ফুলবাড়ীতে মালবাহী ট্রেনের ধাক্কায় ক্রসিংয়ে দায়িত্বরত গেটকিপার সুশান্ত কুমার দাস (৩২) নিহত হয়েছেন। গত সোমবার রাত ১টার দিকে পৌর শহরের ফুলবাড়ী-পার্বতীপুর মহাসড়কের রেলঘুমটি রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। ঢাকাগামী এমজিবিসি মালবাহী ট্রেনের চালকের ভুলে এ দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় আহত হয়েছেন ট্রাকচালক সাইদুল ইসলাম (৩৫)।
এ দিকে ঘটনার পর প্রায় পাঁচ ঘণ্টা এ অঞ্চলের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ ছিল। নিহত সুশান্ত কুমার দাস পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার বাসিন্দা। আর আহত ট্রাকচালক সাইদুলের বাড়ি নওগাঁর মহাদেবপুর উপজেলায়।
এর আগে গত শুক্রবার জয়পুরহাটে পুরান পৈল রেল ক্রসিংয়ে ঘুমিয়ে থাকা গেটকিপারের ভুলের কারণে বাস-ট্রেন সংঘর্ষে ১১ জন নিহত হওয়ার পর আবার এ ঘটনা ঘটল।
ফুলবাড়ী স্টেশন মাস্টার ইসরাফিল সরকার জানান, পার্বতীপুর থেকে ঢাকাগামী এমজিবিসি মালবাহী ট্রেনের চালকের ভুলে এ দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। কারণ ফুলবাড়ী স্টেশনের অনুমতি না নিয়ে রাত ১টা ৫ মিনিটে মালবাহী ট্রেনটি ১ নম্বর লাইনে প্রবেশের চেষ্টা করে। অথচ এর ঠিক এক মিনিট আগে একই লাইনে প্রবেশ করে বিরামপুর থেকে ছেড়ে আসা ২৩-আপ রকেট মেইল নামের ট্রেন। মালবাহী ট্রেন আসার তথ্য না থাকায় রেলঘুমটি ক্রসিংয়ের সিগন্যাল নামাননি গেটকিপার সুশান্ত।
এ সময় ঠাকুরগাঁও থেকে বগুড়াগামী (ঢাকা মেট্রো-ট-১৪-৯৭১৩) ধানবোঝাই ট্রাক ক্রসিং পার হতে গেলে মালবাহী ট্রেনটি সজোরে ধাক্কা দেয়। এতে ট্রাকটি ছিটকে রাস্তার ধারে গিয়ে পড়ে চালক সাইদুল আহত হন। রাতে কোনো খোঁজ পাওয়া না গেলেও গতকাল মঙ্গলবার সকালে পুলিশ দুর্ঘটনাকবলিত ট্রাক সরানোর সময় তার নিচে সুশান্তের লাশ পায়। পাশাপাশি চালক ট্রেনটি লাইনে নিতে পারলে রকেট মেইলের সঙ্গে বড় ধরনের দুর্ঘটনার সম্ভাবনা ছিল বলে জানান স্টেশন মাস্টার।
