কক্সবাজারের টেকনাফে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ অজ্ঞাত পরিচয়ে এক ‘ইয়াবা কারবারি’ নিহত হয়েছে। গত সোমবার ভোর রাতে টেকনাফ উপজেলার শামলাপুর এলাকায় এ ঘটনা ঘটে। এসময় ১০ হাজার পিস ইয়াবা, একটি দেশীয় তৈরি এলজি, একটি ছুরি ও ৩টি কার্তুজ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে র্যার।
কক্সবাজার র্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানান, সোমবার ভোর রাতে টেকনাফ উপজেলার শামলাপুর এলাকায় ইয়াবা বেচা-কেনার খবরে র্যাব-১৫ এর একটিদল অভিযানে যান। এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে অতর্কিত অবস্থায় র্যাবকে গুলি করে। এসময় আত্মরক্ষার্থে র্যাবও পাল্টা গুলি চালায়। একপর্যায়ে ইয়াবা কারবারিরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে ১০ হাজার ইয়াবা,১টি এলজি, একটি ছুরি, ৩টি কার্তুজ উদ্ধার করা হয়। এসময় অজ্ঞাতনামা একজনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে টেকনাফ স্বাস্থ্যকমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সকালে টেকনাফ থানার পুলিশকে খবর দিলে পুলিশ সুরতহাল রিপোর্ট সংগ্রহ করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং নিহত ইয়াবা কারবারির মৃতদেহ শনাক্ত করার চেষ্টা চলছে।
