ঢাকা-সিলেট ৪ লেন মহাসড়ক জানুয়ারিতে একনেকে : কাদের

আপডেট : ২৩ ডিসেম্বর ২০২০, ০৪:০৮ এএম

ঢাকা-সিলেট মহাসড়ক চার লেনে উন্নীতকরণ প্রকল্প আগামী মাসে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে (একনেক) অনুমোদনের জন্য উত্থাপন করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। গতকাল মঙ্গলবার সচিবালয় থেকে ভিডিও কনফারেন্সে সিলেট-মৌলভীবাজার-শ্রীমঙ্গল ও সিলেট-হবিগঞ্জ রুটে বিআরটিসি বাস উদ্বোধনকালে তিনি একথা জানান। এ সময় পররাষ্ট্রমন্ত্রী ড. এ.কে. আব্দুল মোমেন অনলাইনে যুক্ত ছিলেন।

ওবায়দুল কাদের বলেন, বিআরটিসি-কে গণমানুষের আস্থার বাহনে রূপান্তর করতে শেখ হাসিনা সরকার সম্প্রতি বহরে সহস্রাধিক বাস ও ট্রাক সংযোজন করেছে। এখন প্রয়োজন বিআরটিসির নেটওয়ার্ক সম্প্রসারণ এবং প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা দক্ষতা উন্নয়ন। এ সময় সেবা খাতে প্রযুক্তির ব্যবহার বাড়ানোর মাধ্যমে অনিয়ম কমানো সম্ভব বলে উল্লেখ করেন মন্ত্রী। বিআরটিসির ট্রিপ ব্যবস্থাপনায় জিপিএস প্রযুক্তি ব্যবহারের পাশাপাশি মনিটরিং জোরদার ও রাজস্ব আয় বাড়াতে নিজস্ব অপারেশন সফটওয়্যার ব্যবহারের নির্দেশ দেন তিনি।

মন্ত্রী বলেন, শীতকালে ঘন কুয়াশায় কমে আসে দৃষ্টিসীমা। ঘন কুয়াশায় সড়ক দুর্ঘটনা এড়াতে সতর্কতার সঙ্গে যানবাহন চালনার জন্য তিনি পরিবহন মালিক ও শ্রমিকদের অনুরোধ জানান। করোনাকালে সরকার ঘোষিত ‘যত সিট তত যাত্রী’ নীতি বাস্তবায়নের পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে গাড়ি চালনার আহ্বান জানান ওবায়দুল কাদের। ভিডিও কনফারেন্সে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মো. নজরুল ইসলাম, বিআরটিসির চেয়ারম্যান মো. এহছানে এলাহী, সিলেটের রেঞ্জ ডিআইজি, সিলেট, হবিগঞ্জ ও মৌলভীবাজারের জেলা প্রশাসক এবং পুলিশ সুপার যুক্ত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত