দিনকাল প্রতিনিধির ওপর হামলায় ফখরুলের ক্ষোভ

আপডেট : ২৩ ডিসেম্বর ২০২০, ০৮:৩৫ পিএম

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর লাকসামে দিনকাল প্রতিনিধির ওপর হামলার ঘটনায় ক্ষোভ প্রকশ করেছেন। 

তিনি বলেন, ‘গণমাধ্যমে সত্য সংবাদ প্রচার করায় সাংবাদিককে হত্যার হুমকি মত প্রকাশের স্বাধীনতার ওপর চরম আঘাত।’ 

বুধবার এক বিবৃতিতে তিনি এ কথা বলেন। 

বিবৃতিতে লাকসাম পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও দৈনিক দিনকালের স্থানীয় প্রতিনিধি মনির আহমেদের ওপর হামলা ও তাকে হত্যার হুমকি দেওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে নিন্দা ও প্রতিবাদ জানান মির্জা ফখরুল।

তিনি বলেন, গণমাধ্যমের স্বরকে নিস্তব্ধ করতেই দৈনিক দিনকাল পত্রিকার লাকসাম প্রতিনিধির ওপর আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীরা হামলা করেছে। এ ছাড়া তাকে হত্যার হুমকিও প্রদান করেছে। মনির আহমেদের ওপর হামলা ও তাকে হত্যার হুমকির মাধ্যমে প্রমাণিত হলো-গণতন্ত্রকে চিরদিনের জন্য কবরস্থ করতে চায় বর্তমান ভোটারবিহীন সরকার।

বিবৃতিতে গণমাধ্যমের সাংবাদিকদের ওপর জুলুম-নির্যাতন বন্ধ করে মহান স্বাধীনতার প্রকৃত চেতনা গণতন্ত্র এবং মত প্রকাশের স্বাধীনতাকে ফিরিয়ে দেয়ার আহ্বান জানান মির্জা ফখরুল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত