১ সপ্তাহে রেকর্ড ৪৬ লাখের বেশি শনাক্ত

আপডেট : ২৪ ডিসেম্বর ২০২০, ০২:২৫ এএম

বিশ্বে করোনাভাইরাসে সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ৭ কোটি ৮৪ লাখ ৮১ হাজার ছাড়িয়ে গেছে। এর মধ্যে মারা গেছে ১৭ লাখ ২৬ হাজারের বেশি। আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডমিটারসের তথ্য অনুসারে বাংলাদেশ সময় গতকাল বুধবার রাত ৮টা পর্যন্ত বিশ্বে করোনা থেকে সেরে ওঠা মানুষের সংখ্যা ৫ কোটি ৫২ লাখ ৪৫ হাজারের বেশি। এদিকে সংস্থাটির তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, গত ১৪ থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত বিশ্বব্যাপী কভিড-১৯ রোগে মোট ৪৬ লাখ ১২ হাজার ৭৯০ জন আক্রান্ত হয়েছে এবং ৭৯ হাজার ১ জন মারা গেছে। আগের যেকোনো ৭ দিনের তুলনায় এ আক্রান্তের সংখ্যা সর্বোচ্চ।

সংস্থাটির তথ্য অনুসারে এর আগের সপ্তাহ ৭ থেকে ১৩ ডিসেম্বর বিশ্বব্যাপী করোনাভাইরাসে মোট ৪৩ লাখ ২৯ হাজার ৯২৭ জন আক্রান্ত হয় এবং ৭৫ হাজার ৩৮ জন প্রাণ হারায়।

আক্রান্তদের অধিকাংশ উত্তর ও দক্ষিণ আমেরিকার দেশগুলোর বাসিন্দা। গত সপ্তাহে এ দুই অঞ্চলের দেশগুলোতে ২৩ লাখের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছে।

এদিকে একই সময়ে বিশ্বব্যাপী করোনাভাইরাসে যত মানুষ প্রাণ হারিয়েছে তাদের অধিকাংশই ইউরোপের বাসিন্দা। সাপ্তাহিক হিসাবে গত এক সপ্তাহে ইউরোপে ৩৬ হাজারের বেশি মানুষ করোনাভাইরাসে মারা যায়।

১৪ থেকে ২০ ডিসেম্বর এক সপ্তাহে যুক্তরাষ্ট্রে ১৬ লাখের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। এ সময়ের মধ্যে ব্রাজিলে আক্রান্ত হয়েছে ৩ লাখ ২৬ হাজারের বেশি মানুষ। একই সময়ে তুরস্কে ১ লাখ ৯৪ হাজার, রাশিয়ায় ১ লাখ ৯৪ হাজার, ভারতে ১ লাখ ৭৪ হাজার এবং জার্মানিতে ১ লাখ ৭৩ হাজারের বেশি মানুষ কভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছে।

গতকাল পর্যন্ত বিশ্বে করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ৮৬ লাখ ৮৪ হাজার ৬২৮। দেশটিতে করোনায় মারা গেছে ৩ লাখ ৩০ হাজার ৮২৪ জন।

ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় ভারতের অবস্থান দ্বিতীয়। ভারতে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ৯৯ হাজার ৩০৮। দেশটিতে করোনায় মারা গেছে ১ লাখ ৪৬ হাজার ৪৭৬ জন।

ব্রাজিল আছে তৃতীয় অবস্থানে। ব্রাজিলে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ৭৩ লাখ ২০ হাজার ২০। দেশটিতে করোনায় মারা গেছে ১ লাখ ৮৮ হাজার ২৮৫ জন।

তালিকায় রাশিয়ার অবস্থান চতুর্থ। ফ্রান্স পঞ্চম। যুক্তরাজ্য ষষ্ঠ। তুরস্ক সপ্তম। ইতালি অষ্টম। স্পেন নবম। জার্মানি দশম।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত