গ্রানাদাকে হারিয়ে আতলেতিকোর পাশেই রিয়াল

আপডেট : ২৪ ডিসেম্বর ২০২০, ০৮:৪৩ এএম

গ্রানাদার বিপক্ষে ২-০ গোলের জয়ের পরেও স্প্যানিশ লা লিগার পয়েন্ট টেবিলে আতলেতিকোর সহ-অবস্থানেই থাকতে হচ্ছে রিয়াল মাদ্রিদকে।

আলফ্রেদো দি স্তেফানো স্টেডিয়ামে বুধবার রাতের জয়ের পর দুই দলের পয়েন্টই ৩২। তবে আতলেতিকোর চেয়ে রিয়াল দুই ম্যাচ বেশি খেলেছে।

এদিন কাসেমিরো দলকে এগিয়ে নেওয়ার পর শেষ দিকে ব্যবধান দ্বিগুণ করেন করিম বেনজেমা।

প্রথমার্ধের দুই-তৃতীয়াংশের বেশি সময় রিয়াল বল দখলে রাখলেও তাদের বেশিরভাগ আক্রমণ ছিল ধারহীন। বিরতির আগে গোলের উদ্দেশে নয়টি শট নিলেও প্রতিপক্ষের রক্ষণ বা গোলরক্ষককে খুব বেশি ভাবাতে পারেনি তারা। বিরতির আগের যোগ করা সময়ে ভালো দুটি আক্রমণ করলেও নিশ্চিত সুযোগ মেলেনি।

প্রতিপক্ষের আক্রমণাত্মক ফুটবলের বিপরীতে নিজেদের বিবর্ণ রূপে দ্বিতীয়ার্ধের শুরুতেও বেশ চাপে ছিল রিয়াল। এর মাঝেই এক ঝলকে ৫৫তম মিনিটে তিনটি নিশ্চিত সুযোগ পায় তারা।

অবশেষে ৫৭তম মিনিটে মেলে গোলের দেখা। বাঁ দিক থেকে আসেনসিওর ছয় গজ বক্সে বাড়ানো ক্রসে অনেকটা লাফিয়ে হেডে দলকে এগিয়ে নেন কাসেমিরো।

শেষ দিকে যেন কিছুটা ক্লান্ত হয়ে পড়েছিল রিয়ালের খেলোয়াড়রা। সেই সুযোগে চাপ বাড়ায় সফরকারীরা। তবে আর কোনো নিশ্চিত সুযোগ তৈরি করতে পারেনি তারা।

চার মিনিট যোগ করা সময়ের তৃতীয় মিনিটে দ্বিতীয় গোল খেয়ে বসে গ্রানাদা। ইসকোর পাস পেয়ে ডান দিক দিয়ে আক্রমণে উঠে কিছুটা আড়াআড়ি গিয়ে ডি-বক্সের বাইরে থেকে বাঁ পায়ের শটে জয় নিশ্চিত করেন বেনজেমা।

১৫ ম্যাচে ১০ জয় ও দুই ড্রয়ে ৩২ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের দুইয়ে রিয়াল। ১৩ ম্যাচে সমান পয়েন্ট নিয়ে শীর্ষে আতলেতিকো।

১৬ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে রিয়াল সোসিয়েদাদ। ১৫ ম্যাচে সমান পয়েন্ট নিয়ে চার নম্বরে ভিয়ারিয়াল।

১৪ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে বার্সেলোনা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত