রূপগঞ্জে মাসকো-সাকিব ক্রিকেট অ্যাকাডেমি

আপডেট : ২৫ ডিসেম্বর ২০২০, ০১:০২ এএম

ঢাকার অদূরে পূর্বাচল উপশহর পেরিয়ে আরও কিছুটা গেলে কাঞ্চন পৌরসভার কেন্দুয়া গ্রাম। নারায়ণগঞ্জের রূপগঞ্জের কেন্দুয়া বললে ভালোভাবে চেনা যায়। সেখানেই নিজের নামে অ্যাকাডেমি গড়ছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। অ্যাকাডেমি গড়ায় সার্বিক সহযোগিতা করেছে মাসকো গ্রুপ।

কাঞ্চনের কেন্দুয়া এলাকায় ১৬ বিঘা জমির ওপর গড়ে উঠছে মাসকো-সাকিব ক্রিকেট অ্যাকাডেমি। সবুজ মাঠ আর অ্যাকাডেমির স্থাপত্যশৈলী চোখে দেখার মতো। ক্রিকেটার তৈরির জন্য সুযোগ-সুবিধারও অভাব নেই। অ্যাকাডেমির ভেতরেই আছে ইনডোর গেমস ফ্যাসিলিটি। যেখানে বৃষ্টি হলে কিংবা রাতে ক্রিকেটারদের প্রশিক্ষণের ব্যবস্থা থাকবে। সঙ্গে উন্নতমানের ব্যায়ামাগার ও আন্তর্জাতিক মানের রেস্টুরেন্ট। তরুণ ক্রিকেটারদের জন্য থাকবে বিশ্বমানের আবাসিক হোস্টেলও। প্রায় ১২ হাজার স্কয়ার ফুটের মাঠে ৫টি পিচ থাকবে অনুশীলনের জন্য। কেউ চাইলে বোলিং মেশিনে অনুশীলন করতে পারবে। জানা গেছে, অ্যাকাডেমির হেড অব কোচ হিসেবে থাকবেন মোহাম্মদ সালাউদ্দিন। আর প্রশিক্ষক হিসেবে নিয়োগ পেয়েছেন বিসিবির কিউরেটর ও গ্রাউন্ডসম্যান।

গত মে-তে অ্যাকাডেমির কার্যক্রম শুরু হয়। করোনা অতিমারীর কারণে কিছুদিন কাজ বন্ধ ছিল। গত সেপ্টেম্বর থেকে পুনরায় কাজ শুরু হয়। এখন শেষ পর্যায়ে। জানুয়ারির মধ্যে সব কাজ শেষ করে ফেব্রুয়ারির শুরুতেই অ্যাকাডেমি উদ্বোধনের কথা রয়েছে। অ্যাকাডেমি সম্পর্কে প্রতিষ্ঠাতা ও মাসকো গ্রুপের চেয়ারম্যান এম এ সবুর খান দেশ রূপান্তরকে বলেন, ‘অনেকটা শখের বশেই আমরা এটা গড়ার উদ্যোগ নিয়েছি। বাংলাদেশ ক্রিকেটে এগিয়ে যাচ্ছে। আমরা সেই অগ্রযাত্রার অংশীদার হতে চাই। সাকিব আল হাসান আমাদের পারিবারিক সদস্য। ও-ই প্রথম ক্রিকেট অ্যাকাডেমির কথা বলেছিল আমাকে। এরপরই আমি উৎসাহিত হই। ওর উদ্দেশ্য সেরা প্লেয়ার তৈরি করা। সাকিব এই অ্যাকাডেমির অ্যাডভাইজার ও ব্র্যান্ড অ্যাম্বাসেডর।’ কাঞ্চন পৌরসভার মেয়র রফিকুল ইসলাম দেশ রূপান্তরকে বলেন, ‘অ্যাকাডেমি দেখে এখানকার মানুষ খুব খুশি। এটি চালু হলে স্থানীয় মেধাবি ক্রিকেটাররা যাতে সুযোগ পায় কর্তৃপক্ষের কাছে সেই অনুরোধ থাকবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত