অ্যাডিলেড টেস্টের উইনিং কম্বিনেশনে কোনো পরিবর্তন আনা হচ্ছে না অস্ট্রেলিয়ার। এর অর্থ ম্যাথু ওয়েড ও জো বার্নসই মেলবোর্নে উদ্বোধন করবেন ইনিংসের। দু’দিন আগেই এ কথা জানিয়ে দিয়েছেন অস্ট্রেলিয়ার কোচ জাস্টিন ল্যাঙ্গার।
ওপেনিং জুটি নিয়ে সমস্যা ছিল অস্ট্রেলিয়ার। কিন্তু অ্যাডিলেডে দ্বিতীয় ইনিংসে জো বার্নস ও ম্যাথু ওয়েড ছন্দে ছিলেন। তা ছাড়া ডেভিড ওয়ার্নার ইনজুরি থেকে পুরোপুরি মুক্ত হতে পারেননি। এমন পরিস্থিতিতে উইনিং কম্বিনেশন না ভাঙার ঘোষণা দিয়ে ল্যাঙ্গার বলেছেন, ‘অ্যাডিলেড টেস্টের পর যদি টেস্টের দলে বদল ঘটাই, তবে আমাকে খুব সাহসী বলে মনে হবে। আগামী কয়েক দিনে কিছু না ঘটলে আমরা একই দল নামাব।’
এ ছাড়া ভারতের নিয়মিত অধিনায়ক বিরাট কোহলি এবং পেসার মোহাম্মদ শামি না থাকায় স্বাগতিকরা সুবিধা পাবে বলে মনে করেন তিনি। ‘বিরাট কোহলি সর্বকালের গ্রেটদের অন্যতম। আর শামিও ভারতীয় বোলিং আক্রমণের খুব গুরুত্বপূর্ণ সদস্য। দারুণ দক্ষ সে। তাই এই দুজন না থাকায় অবশ্যই আমাদের সুবিধা হবে। তবে আমরা জানি যে সব কিছু ঠিকঠাকভাবে করতে হবে আমাদের। ম্যাচের প্রথম দিন থেকেই দারুণভাবে শুরু করতে হবে। রাহানে নতুন অধিনায়ক। তাকে চাপে ফেলতে হবে। সেরা খেলোয়াড়রা না থাকলে যেকোনো ক্রিকেট দলই দুর্বল হয়ে পড়ে। এটাই বাস্তব। আর এতে আমরাই সুবিধা পাব।’
