দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় ছয়জন নিহত হয়েছেন। এর মধ্যে রাজধানীর ডেমরায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী যুবক, সিরাজগঞ্জে পৃথক দুর্ঘটনায় শিশু ও দুই যুবক, কুষ্টিয়া ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী আরেক যুবক এবং নওগাঁয় ট্রাকের ধাক্কায় বৃদ্ধ প্রাণ হারান। গত ২৪ ঘণ্টায় এসব দুর্ঘটনা ঘটে। বিস্তারিত নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবরে :
ঢাকা : রাজধানীর ডেমরায় ট্রাকের ধাক্কায় সোহেল রানা (৩০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গত বুধবার রাতে এ দুর্ঘটনা ঘটে। লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার জামগ্রাম এলাকার নুরুল ইসলামের ছেলে সোহেল থাকতেন নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে। তিনি ব্যাংক এশিয়ার ম্যানেজারের গাড়ির চালক ছিলেন। ডেমরা থানার এসআই রকিবুল হাসান জানান, বুধবার রাতে মোটরসাইকেলযোগে সোহেল যাত্রাবাড়ী থেকে ডেমরার দিকে যাচ্ছিলেন। ওই সময় একটি ট্রাক তার মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। ছিটকে রাস্তায় পড়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।
সিরাজগঞ্জ : সিরাজগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে দুজন রায়গঞ্জ উপজেলার পৃথক স্থানে এবং সদর উপজেলায় একজন রয়েছেন।
পুলিশ ও এলাকাবাসী জানায়, রায়গঞ্জ উপজেলার নলকা এলাকার ফুলজোড় ডিগ্রি কলেজের সামনে গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী ফারদীন হাসান সোহাগ (১৪) নিহত হয়েছে। দুর্ঘটনায় আহত হন সোহাগের বাবা গোলাম ফারুক (৪৮)। তাদের বাড়ি দত্তকোষা কামারপাড়া গ্রামে। এছাড়া বুধবার বিকেলে উপজেলার চান্দাইকোনা বাসস্ট্যান্ড এলাকায় ত্রুটিপূর্ণ একটি বাস মেরামতের সময় সেটির নিচে চাপা পড়ে রাশেদুল ইসলাম (২৬) নামে এক মোটর মেকানিক নিহত হন। তিনি উপজেলার পশ্চিম লক্ষ্মীকোলা গ্রামের আবদুস সামাদের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা থেকে বগুড়াগামী তানজিলা পরিবহনের বাসটি চান্দাইকোনা বাসস্ট্যান্ডের কাছে এসে বিকল হয়ে যায়। রাশেদুল ওই বাসের নিচে শুয়ে সেটি মেরামত করছিল। এ সময় চালক ইঞ্জিন চালু করলে বাসের চাকার নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
কুষ্টিয়া : কুষ্টিয়া দৌলতপুরে বালুভর্তি ট্রাকচাপায় হানিফ (৩৪) নামে সাইকেল আরোহী এক চালকল শ্রমিক নিহত হয়েছেন। গতকাল সকাল ৮টার দিকে উপজেলার আল্লারদর্গা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। উপজেলার মসলেমপুর গ্রামের বজলুর রহমানের ছেলে হানিফ বায়েজিদ এগ্রো ফুডের অটো রাইস মিলের শ্রমিক ছিলেন। দৌলতপুর থানার ওসি জহুরুল আলম জানান, গতকাল সকালে বাইসাইকেলযোগে আল্লারদর্গা কর্মস্থলে যাওয়ার পথে পেছন থেকে একটি ট্রাক হানিফকে ধাক্কা দেয়। এ সময় তিনি ছিটকে রাস্তায় পড়ে যান এবং ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নওগাঁ : ধামইরহাটে মাটিবোঝাই ট্রাকের ধাক্কায় বজলুর রহমান (৬৫) নামে একজন নিহত হয়েছেন। গতকাল দুপুর ১২টার দিকে উপজেলার বীরগ্রামে এ দুর্ঘটনা ঘটে। বীরগ্রামের বাসিন্দা বজলুর আলমপুর পোস্ট অফিসে বেসরকারিভাবে দীর্ঘদিন ধরে ডাকপিয়নের দায়িত্ব পালন করছিলেন।
