জানুয়ারিতে সাত কলেজে পরীক্ষা শুরুর চিন্তা

আপডেট : ২৫ ডিসেম্বর ২০২০, ০১:৪৮ এএম

জানুয়ারির মাঝামাঝিতে ঢাকা বিশ^বিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সাত সরকারি কলেজে পরীক্ষা শুরুর চেষ্টা চলছে। এই পরীক্ষা শুরুর সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে ১৪ জানুয়ারি। গতকাল বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছেন সাত কলেজের সমন্বয়ক ও কবি নজরুল সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক আই কে সেলিম উল্ল্যাহ খোন্দকার।

অধ্যাপক আই কে সেলিম উল্ল্যাহ বলেন, করোনাভাইরাস মহামারীর মধ্যে স্থগিত হওয়া পরীক্ষা অগ্রাধিকার ভিত্তিতে শুরুর প্রস্তাব দেওয়া হয়েছে। সেই হিসেবে ২০১৭ সালের মাস্টার্স শেষ পর্ব, ২০১৬ সালের মাস্টার্স প্রথম পর্ব এবং ২০১৫ সালের ডিগ্রি স্পেশাল পরীক্ষা শুরুর প্রস্তুতি চলছে। ইতিমধ্যে স্থগিত হওয়া অনার্স প্রথম বর্ষের ব্যবহারিক পরীক্ষা শুরুর অনুমতি দিয়েছে ঢাবি প্রশাসন। এ ছাড়া অনার্স তৃতীয় ও চতুর্থ বর্ষ এবং মাস্টার্স শেষ পর্বের পরীক্ষা জানুয়ারিতে শুরুর সর্বোচ্চ চেষ্টা চলছে। চলতি সপ্তাহে অনলাইনে ফরম পূরণ শুরু হবে।

তিনি আরও বলেন, ঢাবি কর্র্তৃপক্ষের সঙ্গে বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে সরকারি কলেজ হওয়ায় পরীক্ষা শুরুর জন্য শিক্ষা মন্ত্রণালয়ের অনুমতি নিতে হবে। আগামী দুই-এক দিনের মধ্যে পরীক্ষা শুরুর অনুমতি চেয়ে মন্ত্রণালয়ে আবেদন করবে সাত কলেজ কর্র্তৃপক্ষ। সবকিছু ঠিক থাকলে আর করোনাভাইরাস পরিস্থিতি বর্তমান অবস্থায় থাকলে, পরীক্ষা শুরু সম্ভব বলে মনে করছেন সাত কলেজের সমন্বয়ক।

অধ্যাপক সেলিম উল্ল্যাহ খোন্দকার বলেন, পরীক্ষা শুরু হলে মানা হবে স্বাস্থ্যবিধি। পরীক্ষার্থী কেন্দ্রে প্রবেশের সময় শরীরের তাপমাত্রা মাপা, মাস্ক বাধ্যতামূলকসহ এক কক্ষে সর্বোচ্চ ২০-২৫ জন শিক্ষার্থীর পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত