আরও দুই বছর কায়কাউসই মুখ্য সচিব থাকছেন

আপডেট : ২৫ ডিসেম্বর ২০২০, ০২:১৩ এএম

ড. আহমদ কায়কাউসকেই চুক্তিতে আরও দুই বছর মুখ্য সচিব হিসেবে রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চাকরির মেয়াদের শেষ সময়ে এসে কায়কাউসকে ৩১ ডিসেম্বর থেকে অবসর দিয়ে গত বুধবার আদেশ জারি করে সরকার। একই তারিখে আরেক আদেশে কায়কাউসকে চুক্তিতে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগের কথা জানানো হয়, তবে আদেশটি প্রকাশ করা হয় গতকাল বৃহস্পতিবার।

প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের নিয়োগ আদেশে বলা হয়, আগামী ১ জানুয়ারি বা যোগদানের তারিখ থেকে ড. আহমদ কায়কাউসের চুক্তিভিত্তিক নিয়োগ কার্যকর হবে। বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব থাকার সময় গত বছরের ২৯ ডিসেম্বর প্রধানমন্ত্রীর মুখ্য সচিব হিসেবে নিয়োগ পান আহমদ কায়কাউস। বিসিএস ১৯৮৪ ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা কায়কাউস বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব থাকার সময় ভারপ্রাপ্ত সচিবের পদমর্যাদায় বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন কাউন্সিলের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান। পরে ২০১৬ সালের ১৫ ডিসেম্বর বিদ্যুৎ বিভাগের ভারপ্রাপ্ত সচিব হন তিনি। ২০১৭ সালের ২৩ ফেব্রুয়ারি সচিব পদে পদোন্নতি পান তিনি। গত বছরের ২৭ ফেব্রুয়ারি সিনিয়র সচিব হন তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত