কার্যালয়ে ঢাবি উপাচার্য

করোনার সময় হল খুলতে জাতীয় সিদ্ধান্ত লাগবে

আপডেট : ২৫ ডিসেম্বর ২০২০, ০২:১৬ এএম

করোনাভাইরাস মহামারীতে বিশ্ববিদ্যালয় কর্র্তৃপক্ষ স্নাতক ও স্নাতকোত্তরের সমাপনী পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিলেও আবাসিক হলগুলো খুলে দিতে জাতীয় সিদ্ধান্ত লাগবে বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান। গতকাল বৃহস্পতিবার দুপুরে পরীক্ষার্থীদের জন্য হল খোলার দাবিতে ছাত্রলীগসহ প্রগতিশীল ছাত্রসংগঠনের নেতারা উপাচার্য কার্যালয়ে গিয়ে বৈঠক করলে এ কথা বলেন তিনি।

উপাচার্য আখতারুজ্জামান বলেন, ‘প্যানডেমিক পরিস্থিতিতে হল খুলতে জাতীয় সিদ্ধান্ত লাগবে। শিক্ষার্থীরা হল খোলার দাবি জানালেও বিচ্ছিন্নভাবে আমরা সিদ্ধান্ত নিতে পারি না। ১৬ জানুয়ারি পর্যন্ত সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের ঘোষণা রয়েছে। পরিস্থিতির ওপর নির্ভর করে সরকার সিদ্ধান্ত নেবে।’

সেশনজট নিরসনে করোনাভাইরাস মহামারীর মধ্যেই ২৬ ডিসেম্বর থেকে স্নাতক ফাইনাল ও স্নাতকোত্তরের পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয়। পরীক্ষা নেওয়ার ঘোষণায় পর আবাসিক হল খুলে দেওয়ার দাবি তুলেছে শিক্ষার্থীরা।

গতকাল দুপুরে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল খুলে দিয়ে শিক্ষার্থীদের আবাসন ব্যবস্থা নিশ্চিতসহ বেশ কয়েকটি দাবিতে উপাচার্য মো. আখতারুজ্জামানের সঙ্গে বৈঠক করে স্মারকলিপি দিয়েছে প্রগতিশীল ছাত্রজোট। এর আগে টিএসসি থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক ঘুরে উপাচার্য কার্যালয় ঘেরাও করেন তারা। পরে উপাচার্যের সঙ্গে বৈঠক করে স্মারকলিপি দেন জোটের নেতারা। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতাকর্মী উপাচার্যের সঙ্গে বৈঠক করেন। এ সময় তারা শিক্ষার্থীদের আবাসন সমস্যা তুলে ধরে শুধু পরীক্ষার্থীদের জন্য হলেও অগ্রাধিকার ভিত্তিতে হল খোলার দাবি জানান। ঢাবি উপাচার্য বলেন, ‘জাতীয়ভাবে একটি সিদ্ধান্ত হলে সেটি একরকম। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে এ ধরনের একটা সিদ্ধান্ত নিয়ে পুরো জাতিকে অন্যদিকে নিয়ে যেতে পারি না। তখন কেউ বলবে ট্রাম্পের মতো আচরণ করছে। এটি একেবারেই অযৌক্তিক হবে। ফলে এ বিষয়গুলোকে মাথায় রেখেই সিদ্ধান্ত নিতে হবে।’ হল খোলার বিষয়ে সংশ্লিষ্ট কর্র্তৃপক্ষে অবস্থান তুলে ধরে উপাচার্য বলেন, ‘আবাসিক হল খুলতে জাতীয়ভাবে সিদ্ধান্ত আমাদের লাগবে। এ বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষজ্ঞদের মতামত লাগবে।’

গতকাল ইউজিসি থেকে একটি চিঠি দিয়ে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে হলগুলো বন্ধ রাখতে হবে। তবে পরীক্ষা নেওয়া যাবে বলে জানানো হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত