প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকলে দেশে কোনো সমস্যা থাকে না বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। তিনি বলেছেন, ‘শেখ হাসিনা ক্ষমতায় আছেন বলেই দেশের উন্নয়ন হচ্ছে। তিনি দারিদ্র্য বিমোচনে কাজ করছেন। শিক্ষাক্ষেত্রে আমরা যত ভালো করব, দেশে দারিদ্র্য তত কমবে। বতর্মান সরকার এ জন্য শিক্ষার উন্নয়নকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে।’ গতকাল বৃহস্পতিবার বিকেলে সুনামগঞ্জ সদর উপজেলার বাহাদুরপুরে জামেয়া ইসলামিয়া বাইশগ্রাম মাদ্রাসায় এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ওই মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি ও সুনামগঞ্জ সরকারি কলেজের সাবেক উপাধ্যক্ষ প্রয়াত মো. আবদুল বারীর জীবন ও কর্ম নিয়ে প্রকাশিত স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন উপলক্ষে এই অনুষ্ঠান হয়।
পরিকল্পনামন্ত্রী বলেন, ‘আমরা পরাধীন ছিলাম। বঙ্গবন্ধু না হলে এই দেশ স্বাধীন হতো না। তিনিই স্বাধীনতার মহান নায়ক। আমাদের মনে রাখতে হবে, এই দেশ এমনি এমনি আসেনি। স্বাধীনতার জন্য ৩০ লাখ মানুষ জীবন দিয়েছেন। দুই লাখ মা-বোন সম্ভ্রম হারিয়েছেন। তাদের প্রতি সব সময় আমাদের শ্রদ্ধা রাখতে হবে।’
মাদ্রাসার মুহতামিম মাওলানা তাফাজ্জুল হক আজিজের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সুনামগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান নুরুল হুদা মুকুট, সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল হুদা চপল, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম, সুনামগঞ্জের প্রবীণ আইনজীবী হুসেন তওফিক চৌধুরী, স্থানীয় লক্ষ্মণশ্রী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবদুল ওদুদ।
