ব্যস্ত নগর জীবনে যারা পিঠা তৈরি করতে সময় পান না তারা হরহামেশাই ভিড় করেন পাড়া-মহল্লা, বিভিন্ন রাস্তার পাশের পিঠার দোকানগুলোয়। রাস্তার পাশের টং দোকানে বসেন মৌসুমি পিঠা বিক্রেতারা। শুধু রাস্তার পাশেই নয়, রাজধানীর বেশ কিছু স্থানে হরেক রকমের পিঠার দোকানও রয়েছে।
পিঠার স্বাদ নিতে অনেকেই ভিড় জমান এসব দোকানে। রাজধানীর বেইলি রোড, কারওয়ান বাজার, ঢাকা বিশ^বিদ্যালয়ের শামসুন নাহার হলসংলগ্ন ফুটপাতে নিয়মিতই বসে পিঠার দোকান। এসব দোকানে কয়েক ধরনের চিতই এবং ভাপা পিঠা পাওয়া যায়। সন্ধ্যা থেকেই এসব দোকানে ভিড় বাড়তে থাকে। অনেকে কিনে বাসায়ও নিয়ে যান। ঝামেলা কমাতে বাসায় নিয়ে দুধ ও গুড়ে ভিজিয়ে নেন চিতই পিঠা। এ রকম আরো মৌসুমি পিঠার দোকান রয়েছে রাজধানীর বাংলামোটর মোড়, গুলিস্তান, পল্টন, বেইলি রোড, ফার্মগেট, মিরপুর, উত্তরাসহ বিভিন্ন স্থানে।
কী কী পিঠা পাওয়া যায় : ভাপা ও চিতই পাবেন হাতের নাগালেই। নারকেল আর খেজুর গুড়ে তৈরি ভাপা এবং সরিষা, মরিচ ও শুঁটকির হরেক পদের ভর্তার সঙ্গে চিতই পাবেন রাজধানীর প্রায় সব জায়গাতেই। পিঠার দোকানগুলোতে পাবেন বিবিখানা, পাটিসাপটা, চাঁদপুলি, মালপোয়া, দুধচিতই, পাকন, নারকেল পুলিসহ নানা রকমের পিঠা।
দাম কেমন : ফুটপাতের দোকানগুলোতে প্রতিটি চিতই পিঠা ছোট ৫ টাকা আর বড় ১০ টাকায় পাওয়া যায়। ডিম আর ইলিশ চিতই ২০ আর ৩০ টাকা। ভাপা পিঠা আকার অনুসারে ৫ থেকে ১০ টাকায় পাওয়া যায়। অন্যান্য পিঠার দাম ১৫ থেকে ১০০ টাকা পর্যন্ত।
কোথায় পাবেন : রাজধানীর বেইলি রোডে রয়েছে কয়েকটি পিঠার দোকান। বেইলি পিঠাঘরের এর মধ্যে সবচেয়ে পুরানো। গুলশান ও বসুন্ধরায় তাদের দুটি শাখা রয়েছে। শীতের সময়ে এখানে মূলত ভাপা ও চিতই পিঠাই বেশি বিক্রি হয়। বিকেল ৪টার পর থেকে পিঠা বিক্রি শুরু হয়। খোলা থাকে রাত ১০টা পর্যন্ত। এখানে আরও পাবেন মালপোয়া, পাকন, দুধপুলি, পাটিসাপটাসহ বেশ কয়েক পদের পিঠা। এসব পিঠার দাম ১০ থেকে ৪০ টাকা পর্যন্ত।
উত্তরার হাউজ বিল্ডিংয়ে পাশে রয়েছে স্মুদি পিঠাঘর। উত্তরা পিঠাঘর নামে উত্তরায় আরও একটি পিঠার দোকান রয়েছে জসীম উদ্দীন রোডে। চিতই ছাড়াও এ দোকানগুলোয় পাবেন কয়েক রকমের ভাপা পিঠা। তা ছাড়া পাটিসাপটা, পাকন ছাড়াও আরও কিছু পিঠা পাবেন। এখানে পিঠার দাম ১০ থেকে ১০০ টাকা পর্যন্ত।
পুরান ঢাকার নাজিরাবাজারেও রয়েছে বেশ কিছু পিঠার দোকান। মৌসুমি চিতই ও ভাপা ছাড়া বিভিন্ন রকমের নারকেল পুলি পাওয়া যায় এখানকার দোকানগুলোয়। এ ছাড়া অনলাইনে আপনি অর্ডার দিয়ে ঘরে বসে নানা ধরনের শীতের পিঠা খেতে পারবেন। এর মধ্যে আপনঘর, পারিজাত পিঠাঘর, খাবার-দাবার এবং ফুডপান্ডায় শীতের পিঠার অর্ডার করতে পারবেন।
