রাজধানীর মিরপুর বাংলা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র সামনুন ইসলামকে (১১) অপহরণের পর হত্যার ঘটনায় করা মামলার প্রধান আসামি মাহফুজুর রহমান রনিকে (৩৮) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে লক্ষ্মীপুর-চাঁদপুর জেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) মিরপুর বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ দলের সদস্যরা তাকে গ্রেপ্তার করে। ডিএমপির জনসংযোগ শাখার উপ-পুলিশ কমিশনার ওয়ালিদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
গত ১৭ ডিসেম্বর মিরপুর ৬ নম্বর সেকশনের আজমত হাসপাতালের সামনে থেকে শিশু সামনুনকে অপহরণ করে দুর্বৃত্তরা। পরে সামনুনের মায়ের কাছে ফোন করে ৫ লাখ টাকা দাবি করে তারা। ছেলেকে পেতে ৬০ হাজার টাকাও দিয়েছিল সামনুনের পরিবার।
