দলের সিদ্ধান্ত বাস্তবায়নে বাধা সৃষ্টিকারী উসকানিদাতা দলীয় নেতা ও জনপ্রতিনিধিদের বিরুদ্ধে বিশেষ ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি আরও বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের বার্ষিকীতে আগামী ৩০ ডিসেম্বর আওয়ামী লীগ স্বাস্থ্যবিধি মেনে সারা দেশে গণতন্ত্রের বিজয় দিবস পালন করবে। গতকাল শুক্রবার সকালে তার সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে এসব কথা বলেন ওবায়দুল কাদের।
দেশে স্থানীয় সরকার পরিষদে পর্যায়ক্রমে নির্বাচন হচ্ছে উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দলের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ড যে সিদ্ধান্ত গ্রহণ করবে তা বাস্তবায়নে দলের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।’
তিনি আরও বলেন, ‘ইতিমধ্যে আপনারা দেখেছেন যারা দলের সিদ্ধান্ত অমান্য করে বিদ্রোহ করেছেন তারা জয়ী হলেও তাদের কিন্তু এবার মনোনয়ন দেওয়া হচ্ছে না। তাই সবাইকে সতর্ক করে সভাপতির নির্দেশনা প্রতিপালনের আহ্বান জানাচ্ছি। যেসব নেতা বা জনপ্রতিনিধি সিদ্ধান্ত বাস্তবায়নে বাধা দেবে এবং উসকানি দেবে তাদের বিষয়ে বিশেষ ব্যবস্থা নেওয়া হবে।’ সেতুমন্ত্রী বলেন, ‘অনেক প্রতিকূলতার মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে দেশের গণতন্ত্র। গণতন্ত্র একদিনে মহীরুহরূপে রূপান্তরিত হয় না; এর জন্য দীর্ঘ পথ পাড়ি দিতে হয়। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে শেখ হাসিনার নেতৃত্বে যে যাত্রা চলমান. তাতে সবার সহযোগিতা প্রয়োজন বলে আমরা মনে করি। তাই দল-মত নির্বিশেষে সব অংশীজনের গণতান্ত্রিক মূল্যবোধের সুরক্ষা এবং একে এগিয়ে নিতে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানাচ্ছি। আহ্বান জানাচ্ছি বিরোধী দলকেও। কারণ গণতন্ত্র সরকারি দলের জন্য নয়, সরকার বিরোধী দল সবার জন্য গণতন্ত্র। গণতন্ত্রের অগ্রযাত্রায় বিরোধী দলের দায়িত্বশীল ভূমিকা অপরিহার্য।’
তিনি বলেন, ‘উত্তরাঞ্চলে ইতিমধ্যেই শীত জেঁকে বসেছে। আবহাওয়াবিদরা জানিয়েছেন, শিগগিরই দেশব্যাপী শৈত্যপ্রবাহ শুরু হবে। এজন্য আমি আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি-কর্মীদের শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি।’ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বিশ্বব্যাপী খ্রিস্টান সম্প্রদায়ের ধর্মীয় উৎসব বড়দিন উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জানান।
