গ্রেপ্তার অনন্য মামুন ও শাহিন

আপডেট : ২৬ ডিসেম্বর ২০২০, ১১:৪৬ পিএম

চলচ্চিত্র পরিচালক অনন্য মামুন ও অভিনেতা শাহীন মৃধাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ‘নবাব এলএলবি’ চলচ্চিত্রের একটি দৃশ্যে পুলিশকে হেয় করার অভিযোগে পর্নোগ্রাফি আইনে করা মামলায় তাদের ঢাকা মহানগর দায়রা জজ আদালতে উপস্থাপন করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। ছবিটির প্রযোজক সেলিব্রেটি প্রোডাকশনের চেয়ারম্যান আজমত রহমান বলেন, ‘গত বৃহস্পতিবার রাতে অনন্য মামুনকে বাসা থেকে আটক করা হয়। শুক্রবার বিকেলের দিকে তাকে জেলে পাঠানো হয়েছে।’ জানা যায়, চলচ্চিত্রের একটি দৃশ্যে ধর্ষণের শিকার এক নারীকে থানায় মামলা করার জন্য যেতে দেখা যায়। ওই দৃশ্যে পুলিশের একজন এসআই (অভিনয় করেছেন শাহীন মৃধা) ওই নারীকে ধর্ষণ বিষয়ে বিভিন্ন প্রশ্ন করেন। এ নিয়ে আপত্তি জানিয়েছে পুলিশ। ‘নবাব এলএলবি’ চলচ্চিত্রটি ১৬ ডিসেম্বর ‘আই থিয়েটার’ নামক একটি অ্যাপে মুক্তি পায়। ওই দিন সিনেমাটির অর্ধেক অংশ মুক্তি দেওয়া হয়েছে। বাকি অর্ধেক মুক্তি দেওয়া হবে আগামী ১ জানুয়ারি। অর্ধেক ছবি মুক্তি দেওয়া নিয়ে দর্শকের মধ্যে ক্ষোভ দেখা যায়। এই খবরে দর্শকের পাশাপাশি ক্ষোভ প্রকাশ করেছেন ছবির নায়ক শাকিব খানও।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত