রাজধানীর বিজয় সরণিতে নির্মাণ করা হয়েছে ‘মুজিব কর্নার’। মুজিব শতবর্ষ উপলক্ষে গণপূর্ত অধিদপ্তরের আওতাধীন গণপূর্ত সম্পদ বিভাগ এ স্থাপনাটি নির্মাণ করেছে। তেজগাঁওয়ের এলেনবাড়িতে নির্বাহী প্রকৌশলীর কার্যালয় সংলগ্ন প্রায় ১ হাজার ২০০ বর্গফুট স্থানে নির্মিত হয়েছে মুজিব কর্নারটি। সবকিছু ঠিক থাকলে আজ রবিবার এটি আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়ার কথা রয়েছে।
জানতে চাইলে গৃহায়ন ও গণপূর্ত সচিব মো. শহীদ উল্লা খন্দকার গতকাল দেশ রূপান্তরকে বলেন, ‘স্থাপত্যশৈলী ও কারিগরি গুণগতমানের সংমিশ্রণে নির্মিত এ কর্নারে রয়েছে মুজিব শতবর্ষের লোগোসংবলিত গ্রন্থাগার। এখানে ২৩০টি গ্রন্থের সঙ্গে আরও রয়েছে ডকুমেন্টারি, বঙ্গবন্ধুর আবক্ষ ভাস্কর্য, জাতির পিতার কিছু দুর্লভ পেইন্টিং, ফুল ও গাছের সমাহার। এখানে এসে একজন নাগরিক জাতির পিতা সম্পর্কে প্রকাশিত সব ধরনের বই থেকে তথ্য জানতে পারবেন।’
তিনি বলেন, এটি নির্মাণ করতে আলাদা কোনো প্রকল্প হাতে নেওয়া হয়নি। সংস্থাটির পরিচালনা ব্যয় থেকে এটি নির্মাণ করা হয়েছে। আমরা চাই আরও কিছু জায়গা চিহ্নিত করে এ ধরনের স্থাপনা গড়ে তুলব।’
গণপূর্ত অধিদপ্তরের কর্মকর্তারা জানান, র্যাংগস্ ভবনসংলগ্ন বিজয় সরণির মোড়ে অধিদপ্তরের অর্থায়নে ইতিমধ্যে মুজিব কর্নারের নির্মাণকাজ শেষ হয়েছে। এটি আনুষ্ঠানিক উদ্বোধনের পর জনসাধারণের জন্য উন্মুক্ত থাকবে প্রতিদিন সকাল সাড়ে ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত।
এ বিষয়ে গণপূর্তের নির্বাহী প্রকৌশলী (সম্পদ বিভাগ) ড. আবু নাসের চৌধুরী দেশ রূপান্তরকে বলেন, সবকিছু ঠিক থাকলে আজ রবিবার বেলা ১১টায় মুজিব কর্নারটির উদ্বোধন করবেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শরীফ আহমেদ। উপস্থিত থাকার কথা রয়েছে মন্ত্রণালয়ের সচিব মো. শহীদ উল্লা খন্দকার ও গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মোহাম্মদ শামীম আখতারসহ গণপূর্ত অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের।
