আজ বিমানের ‘ধ্রুবতারা’ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

আপডেট : ২৭ ডিসেম্বর ২০২০, ০২:২০ এএম

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বহরে যুক্ত হয়েছে নতুন ড্যাশ ৮-৪০০ উড়োজাহাজ। আজ রবিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘ধ্রুবতারা’ নামে এই উড়োজাহাজটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন। বেলা ১১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভার্চুয়াল কনফারেন্সে এটি উদ্বোধন করা হবে।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, ২৪ নভেম্বর বিমানের বহরে যুক্ত হয় নতুন ড্যাশ ৮-৪০০ উড়োজাহাজটি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর নাম রেখেছেন ‘ধ্রুবতারা’। এটি যুক্ত হওয়ার মধ্য দিয়ে বিমান বহরে উড়োজাহাজের সংখ্যা দাঁড়াল ১৯টি। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. মোকাব্বির হোসেন জানান, প্রধানমন্ত্রী আজ ‘ধ্রুবতারা’ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন।

বিমান জানিয়েছে, বাংলাদেশ ও কানাডা সরকারের মধ্যে জি-টু-জি ভিত্তিতে কেনা তিনটি উড়োজাহাজের মধ্যে দ্বিতীয় ও তৃতীয় ড্যাশ ৮-৪০০ উড়োজাহাজ দুটি ২০২১ সালের জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে বিমান বহরে যুক্ত হবে। বহরে নতুন উড়োজাহাজ সংযোজনের মাধ্যমে অভ্যন্তরীণ ও স্বল্প দূরত্বের আঞ্চলিক ও আন্তর্জাতিক গন্তব্যগুলোতে বিমানের সাপ্তাহিক ফ্রিকোয়েন্সি বাড়ানো হবে। কানাডার নির্মাতা প্রতিষ্ঠান ডি হ্যাভিল্যান্ড নির্মিত ৭৪ আসনবিশিষ্ট ড্যাশ ৮-৪০০ উড়োজাহাজটি পরিবেশবান্ধব এবং অত্যাধুনিক সুযোগ-সুবিধাসমৃদ্ধ। এই উড়োজাহাজে রয়েছে ফিল্টার প্রযুক্তি, যা মাত্র চার মিনিটেই ব্যাকটেরিয়া, ভাইরাসসহ অন্যান্য জীবাণুমুক্ত করতে সক্ষম।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত