কুষ্টিয়া পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় সোহেল সরকার (৩৫) নামে একজন নিহত হন। গত শুক্রবার রাত ১০টার দিকে পৌরসভার ১৩ নম্বর বারখাদা ওয়ার্ডে এ ঘটনা ঘটে। সোহেল ওই এলাকার বজলু সরকারের ছেলে।
এ ঘটনায় গুরুতর আহত তিনজন কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। আগামী ১৬ জানুয়ারি এই পৌরসভার ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার রাত ১০টার দিকে পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মাহবুবর রহমান পাখি তার ভাইসহ সমর্থকদের নিয়ে বারখাদা ত্রিমোহনী বটতলা মোড়ে নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলেন। এ সময় বর্তমান কাউন্সিলর ও প্রার্থী রবিউল ইসলাম রবি দলবল নিয়ে তাদের ওপর হামলা করেন। পাখির সমর্থক সোহেল বাধা দেওয়ার চেষ্টা করলে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় প্রতিপক্ষ। গুরুতর আহত সোহেলকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। সংঘর্ষে আহত পাখির ভাই মাজহারুল ইসলাম রমজান ও মোস্তাফিজুর রহমানসহ আরও একজন কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।
কুষ্টিয়া মডেল থানার ওসি আবুল কালাম জানান, শুক্রবার রাতে দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে একজন মারা গেছেন এবং তিনজন আহত হয়েছেন। এ ঘটনায় মামলা দায়ের প্রক্রিয়াধীন। তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
