বিদেশগামীদের করোনা পরীক্ষায় আরও ২১ ল্যাব

আপডেট : ২৭ ডিসেম্বর ২০২০, ০২:২৪ এএম

বিদেশ গমনেচ্ছুদের করোনার পরীক্ষার সনদ দিতে আরও ২১টি বেসরকারি ল্যাবরেটরিকে করোনার পরীক্ষার অনুমোদন দিয়েছে সরকার। পাশাপাশি সরকার অনুমোদিত বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে করোনার  আরটি-পিসিআর পরীক্ষার ফি ৩০০০ টাকা নির্ধারণ করা হয়েছে। গত বৃহস্পতিবার এসব নির্দেশনা দেয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ।

এর আগে গত অক্টোবর ১২টি বেসরকারি প্রতিষ্ঠানকে করোনা পরীক্ষার অনুমোদন দিয়েছিল স্বাস্থ্য মন্ত্রণালয়। এ নিয়ে ৩৩টি বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার বিদেশ গমনেচ্ছুদের কভিড-১৯ সনদ দেওয়ার অনুমোদন পেল। নতুন অনুমোদিত ল্যাবরেটরির তালিকা স্বরাষ্ট্র, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন, পররাষ্ট্র, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ ও স্বাস্থ্য অধিদপ্তরসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোয় পাঠানো হয়েছে।

নতুন করে অনুমোদন পাওয়া বেসরকারি হাসপাতাল ও ডায়ানগস্টিক সেন্টারগুলো হলো- ঢাকার আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ, গ্রিনলাইফ মেডিকেল কলেজ, মেডিনোভা মেডিকেল সার্ভিসেস, আলোক হেলথ কেয়ার লিমিটেড, হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার লিমিটেড, বসুন্ধরা মেডিকেল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, ডিএনএ সল্যুশন লিমিটেড, বায়োমেড ডায়াগনস্টিক, ডাইনামিক ল্যাব ডায়াগনস্টিক অ্যান্ড মেডিকেল চেক আপ, বিআরবি হাসপাতাল, নোভাস ক্লিনিক্যাল রিসার্চ সার্ভিস লিমিটেড, সিএসবিএফ হেলথ সেন্টার, প্রাইম ডায়াগনস্টিক সেন্টার, প্রেসক্রিপশন পয়েন্ট, বাংলাদেশ ডায়াবেটিক সমিতি, টঙ্গীর ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ, আইচি হাসপাতাল লিমিটেড, বগুড়ার টিএমএসএস মেডিকেল কলেজ অ্যান্ড রাফাতুল্লাহ কমিউনিটি হাসপাতাল, সিলেটের সীমান্তিক প্যাথলজি ও ডায়াগনস্টিক সেন্টার, চট্টগ্রামের শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরি প্রাইভেট লিমিটেড এবং কিশোরগঞ্জের বাজিতপুরের জহুরুল ইসলাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল।

নির্দেশনায় বলা হয়েছে, বিদেশগামীদের ক্ষেত্রে কভিড-১৯ পরীক্ষার জন্য স্বাস্থ্য অধিদপ্তরের তৈরি নির্দিষ্ট ফরম্যাটে সনদ ইস্যু করতে হবে।

অন্যদিকে, গত ২০ জুলাই থেকে বিদেশগামীদের করোনাভাইরাস পরীক্ষা শুরুর পর ৩৫০০ টাকা করে ফি নেওয়া হচ্ছিল। ২৪ আগস্ট সরকার সেই ফি কমিয়ে এক হাজার ৫০০ টাকা করে। তবে বেসরকারি প্রতিষ্ঠানগুলো ৩৫০০ টাকা করেই নিচ্ছিল, সেটা এখন ৫০০ টাকা কমানো হলো।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত