চলন্ত বাসে তরুণীকে ধর্ষণচেষ্টার ঘটনায় মামলা

আপডেট : ২৭ ডিসেম্বর ২০২০, ০১:৩০ পিএম

সুনামগঞ্জের দিরাই উপজেলায় সিলেট থেকে দিরাইগামী যাত্রীবাহী বাসে কলেজছাত্রীকে (১৭) ধর্ষণ চেষ্টার ঘটনায় মামলা দায়ের হয়েছে।

শনিবার রাতে দিরাই থানায় ওই তরুণীর বাবা বাস চালক শহিদ মিয়া ও হেলপারসহ ৩ জনকে আসামি করে মামলা দায়ের করেন।

এদিকে জড়িতদের গ্রেপ্তারের দাবিতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে মানববন্ধন কর্মসূচি করেছে জেলার নারী নির্যাতন ও সামাজিক অনাচার প্রতিরোধ কমিটি।

রবিবার বেলা সাড়ে ১১টায় সুনামগঞ্জ পৌর শহরের আলফাত স্কয়ারে এ মানববন্ধন কর্মসূচি করে সংগঠনটি।

মানববন্ধনে বক্তারা কলেজ ছাত্রীকে ধর্ষণ চেষ্টার সঙ্গে জড়িত বাসের চালক, হেলপারসহ সকলকে দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা মহিলা পরিষদের সাংগঠনিক সম্পাদক পাঞ্চালী চৌধুরী, জেলা উদীচীর সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, তাহের আলী, জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি আসাদ মনি প্রমুখ।

শনিবার সন্ধ্যায় দিরাই পৌরসভার সুজানগর গ্রামের পাশে এ ধর্ষণ চেষ্টার ঘটনা ঘটে। এ সময় নিজেকে বাঁচাতে তরুণী বাস থেকে লাফ দিয়ে রাস্তার পাশে পড়ে গেলে স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে শনিবার রাতেই সড়ক অবরোধ করে বিক্ষোভ করে স্থানীয়রা।

প্রসঙ্গত, শনিবার বিকেলে সিলেট থেকে দিরাইর উদ্দেশ্যে ছেড়ে আসা সিলেট জ- বাস নং ১১০৭২৩ একটি যাত্রীবাহী বাসে আত্মীয়ের বাড়ি লামাকাজি থেকে নিজ বাড়িতে আসার জন্য দিরাইগামী বাসে ওঠেন ওই তরুণী।

বাসটি সন্ধ্যায় দিরাই পৌরসভার সুজানগর গ্রামের পাশে আসলে ওই তরুণী ছাড়া গাড়িতে আর কোনো যাত্রী না থাকায় বাসের চালক ও হেলপার মিলে মেয়েটিকে ধর্ষণের চেষ্টা করে। মেয়েটি প্রাণ ভয়ে বাস থেকে লাফ দিয়ে সড়কে পড়ে যায়, গ্রামবাসী আহত অবস্থায় দিরাই হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফুল ইসলাম ঘটনার জানান, বাসে তরুণীকে একা পেয়ে বাস চালক হেলপার এ ঘটনা ঘটিয়েছে। এ ঘটনায় মেয়ের বাবা বাদী হয়ে মামলা করেছেন। বাসটি আটক করা হয়েছে। চালক হেলপারকে ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে। দ্রুতই আসামিদের গ্রেপ্তার করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত