বইটি আমিই সৃজিতকে পড়তে দিয়েছি

আপডেট : ২৮ ডিসেম্বর ২০২০, ১২:৪০ এএম

রাফিয়াত রশিদ মিথিলা এখন কলকাতার বাসিন্দা। নতুন কাজ করতে সম্প্রতি দেশে ফিরেছিলেন। পরশু আবারও রওনা দেবেন কলকাতায়। তার সঙ্গে কথা বলেছেন মাসিদ রণ

নতুন ওয়েব ফিল্ম...

ভারতের জনপ্রিয় স্ট্রিমিং প্ল্যাটফর্ম জি ফাইভের জন্য নির্মিতব্য একটি ফিল্মের কাজ করতে এবার ঢাকা এসেছিলাম। তানিম নূর আর কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায় পরিচালিত ‘কনট্র্যাক্ট’ নামের আরও অভিনয় করছেন চঞ্চল চৌধুরী ও আরেফিন শুভ। এটি একটি পলিটিক্যাল থ্রিলার, সমান্তরালভাবে কয়েকটি গল্প এগোবে। তাই আমার সঙ্গে চঞ্চল ভাই বা শুভর কোন দৃশ্য নেই। আর তানিমের পরিচালনায় এর আগে ‘একাত্তর’ নামের একটি ওয়েব সিরিজ করেছিলাম। অভিজ্ঞতা খুবই ভালো ছিল। তবে কৃষ্ণেন্দুর সঙ্গে এটিই আমার প্রথম কাজ। কিন্তু চেনা-জানা তো অনেক আগে থেকেই। তাই কোনো অসুবিধা হয়নি। সবাই খুব প্রফেশনাল হয়ে সময় মতো কাজ শেষ করেছে। শ্যুটিং শেষ হয়েছে। তবে এখনই এটা নিয়ে খুব বেশি বলা যাবে না। শুধু এটুকু বলি, এই প্রথম কোনো রাজনীতিকের চরিত্রে কাজ করলাম। আমি খুব এক্সাইটেড! আসলে ভালো গল্প, নির্মাতা আর ভালো একটি টিম হলে সে কাজে সবাই মনযোগী হবেই। আর তা শেষ পর্যন্ত দর্শকের মনেও নাড়া দেয়। শিগগিরই দর্শক জি ফাইভে কাজটি দেখতে পাবেন।

ভেস্তে গেল পরিকল্পনা...

আমি আয়রাকে নিয়েই ঢাকায় এসেছিলাম। আম্মু-আব্বু এত দিন পরে আমাকে আর আয়রাকে পেয়ে খুব খুশি। কিছুদিন তাই ঢাকাতেই থাকছি। পরিকল্পনা ছিল জি ফাইভের কাজটি সেরে ক্রিসমাসের আগেই কলকাতা ফিরব। কিন্তু এখানে এসে  দেখলাম আরও কয়েকটা কাজ আছে। এজন্য পরিকল্পনা ভেস্তে গেল। সৃজিতের অবশ্য মন খারাপ হয়ে গিয়েছে। বড়দিনে সৃজিতের ‘কাকাবাবুর প্রত্যাবর্তন’ মুক্তি  পেয়েছে। কাকাবাবু ট্রিলজির শেষ ছবি এটি। বিশেষ করে ছোটদের জন্য বানানো ছবির নিরিখে কাকাবাবু তার কাছে খুব স্পেশাল। ক্রিসমাসে আয়রার জন্য এই ‘কাকাবাবু’ই বিশেষ উপহার ছিল সৃজিতের। ও আয়রার জন্য ক্রিসমাসের অনেক প্ল্যান করেছিল। আয়রা অবশ্য বলেছে, নিউ ইয়ারে ক্রিসমাসের জামা পরে সৃজিতের সঙ্গে সেলিব্রেট করবে। এখন পরিবারের সঙ্গে ঘরেই সময় কাটাচ্ছি। পরশু (২৯ ডিসেম্বর) আবার কলকাতায় চলে যাব।

একই লেখকের গল্পে...

কাকতালীয় বিষয় হলো প্রায় একই সময়ে আমি আর সৃজিত একই লেখকের আলাদা গল্পে কাজ করলাম আলাদা দুটি প্রজেক্টে। বাংলাদেশি লেখক মোহাম্মদ নাজিমউদ্দিনের গল্প নিয়ে নির্মিত হয়েছে আমার ওয়েব ফিল্ম ‘কনট্র্যাক্ট’। আর  সৃজিতের আগামী সিরিজ হইচই-এর ‘রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি’ও এই লেখকের লেখা।

সমালোচনার জবাব...

‘রবীন্দ্রনাথ এখানে কখনো খেতে আসেননি’ বইটি আমিই পড়তে দিয়েছিলাম সৃজিতকে। কাজটি তো তার অনেক আগে থেকেই করার কথা। এমনকি এতে বাঁধন অভিনয় করবেন সেটাও আমি প্রথম থেকেই জানি। যারা আগ বাড়িয়ে বলতেন, সৃজিতের সঙ্গে বিয়ের পর তার সব কাজেই আমি থাকব, তারা এখন নিশ্চয়ই বুঝতে পারছেন। বিষয়টি আমার আর সৃজিতের জন্য খুবই বিব্রতকর। সৃজিতের মতো একজন পরিচালক কখনোই চরিত্রের সঙ্গে আমাকে না মানালে কাস্ট করবেন না। এখন তো বিষয়টি প্রমাণিত, এখানে আমি নই, আমার দেশেরই বাঁধন কাজ করছেন। তবে তার মানে এই নয় যে আমি কখনোই সৃজিতের পরিচালনায় কাজ করব না। যে চরিত্রে আমাকে মানাবে সেটাতে হয়তো সৃজিত আমাকে নেবেন, আর না মানালে অন্য কাউকে নিয়েই করবেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত