এনার্জিপ্যাকের আইপিও লটারি ৩ জানুয়ারি

আপডেট : ২৮ ডিসেম্বর ২০২০, ১২:৫৩ এএম

প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে বিনিয়োগকারীদের কাছ থেকে টাকা নেওয়া এনার্জিপ্যাক পাওয়ারের আইপিও লটারি আগামী ৩ জানুয়ারি অনুষ্ঠিত হবে। এই লটারির মাধ্যমে আইপিওতে কোম্পানিটির শেয়ার পাওয়া বিনিয়োগকারী নির্বাচন করা হবে। ডিজিটাল প্লাটফর্মে এই লটারি অনুষ্ঠিত হবে।

পুঁজিবাজার থেকে অর্থ সংগ্রহের জন্য এনার্জিপ্যাক পাওয়ারকে আইপিওতে শেয়ার ছাড়ার জন্য গত ২১ তারিখ অনুমোদন দেয় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। নিয়ন্ত্রক সংস্থার তথ্য অনুযায়ী, কোম্পানিটি সাধারণ বিনিয়োগকারীদের নিকট ২ কোটি ১ লাখ ৪৬ হাজার ৮০০টি সাধারণ শেয়ার ৩১ টাকা মূল্যে (প্রান্ত সীমা থেকে ১০ শতাংশ বাট্টায়) ইস্যু করবে। সাধারণ বিনিয়োগকারীদের নিকট এই শেয়ার ইস্যুর মাধ্যমে ৬২ কোটি ৪৫ লাখ ৫০ হাজার ৮০০ টাকা উত্তোলন করবে।

এর আগে বিডিংয়ে যোগ্য বিনিয়োগকারীরা কোম্পানিটির শেয়ারের কাট অফ প্রাইস ৩৫ টাকা নির্ধারণ করে। যোগ্য বিনিয়োগকারীদের কাছে এ দরে ২ কোটি ১ লাখ ৪৬ হাজার ৭৬৬টি ইস্যু করা হবে। যোগ্য বিনিয়োগকারীদের কাছে থেকে উত্তোলন করা হবে ৭০ কোটি ৫১ লাখ ৩৬ হাজার ৮১০ টাকা। এই টাকা উত্তোলন করে কোম্পানিটি ব্যবসা সম্প্রসারণ, ব্যাংকঋণ পরিশোধ এবং আইপিও খরচ খাতে ব্যয় করবে।

কোম্পানিটির ৩০ জুন ২০১৯ সমাপ্ত সমন্বিত আর্থিক বিবরণী অনুযায়ী, শেয়ারপ্রতি নিট সম্পত্তি মূল্য (পুনর্মূল্যায়ন সঞ্চিতিসহ) দাঁড়িয়েছে ৪৫ টাকা ১৫ পয়সা এং শেয়ারপ্রতি নিট সম্পত্তি মূল্য (পুনর্মূল্যায়ন সঞ্চিতি ব্যতীত) দাঁড়িয়েছে ৩০ টাকা ২০ পয়সা।

এ সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৩ টাকা ১৩ পয়সা। আর বিগত ৫টি আর্থিক বিবরণী অনুযায়ী করপরবর্তী নিট মুনাফার ভারিত গড় হারে শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ২ টাকা ২১ পয়সা। কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে লংকা বাংলা ইনভেস্টমেন্ট।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত